ভোটের আগে বড় চমক! বাংলার অপসারিত পুলিশ কর্তাদের আর রাজ্যে রাখা হচ্ছে না—ভিন রাজ্যের নির্বাচনে পাঠানোর নির্দেশ কমিশনের।

জ্ঞানেশ কুমার
শেষ আপডেট: 18 March 2026 22:47
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিকেলেই দ্য ওয়ালে লেখা হয়েছিল যে এবার ভোটে (West Bengal Election 2026) নির্বাচন কমিশন পুরনো সব ছক ভেঙে দিতে পারে। পরতে পরতে সেটাই ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। রাজ্যের ৫ শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাকে তাঁদের পদ থেকে সরানোর পর মঙ্গলবার ১২ জন পুলিশ সুপার ও ৫টি পুলিশ কমিশনারেটের কমিশনারকে এবং কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারকে পদ থেকে সরিয়ে দিয়েছিল কমিশন (ECI)। বুধবার নবান্ন তাঁদের এই রাজ্যেই বিকল্প দায়িত্ব দেয়। কিন্তু এদিন সন্ধেতেই কমিশন নয়া নির্দেশিকা জারি করেছে। তাতে দেখা গেছে ওই ১৮ জন পুলিশ কর্তার মধ্যে অধিকাংশকেই ভোটের সময়ে বাংলায় রাখতে চাইছেন না জ্ঞানেশ কুমার। তাঁদের অন্য রাজ্যের নির্বাচনে পুলিশ পর্যবেক্ষক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
যে ১২ জন পুলিশ সুপার এবং ৫ জন পুলিশ কমিশনারকে পদ থেকে সরানো হয়েছিল, তাঁদের অনেকেই শাসক দলের ঘনিষ্ঠ বলে বিরোধীদের অভিযোগ ছিল। ওই অফিসারদের কমিশন পুলিশ সুপার পদ থেকে সরানোর পর নবান্ন এদিন তাঁদের বিকল্প দায়িত্ব দেয়। যেমন আইপিএস রাজীব মিশ্র পুলিশের আধুনিকীকরণের দায়িত্ব দেওয়া হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার কোটেশ্বর রাওকে আইবি-র ডিআইজি করা হয়েছে। প্রবীণ ত্রিপাঠিকে এসটিএফের আইজি করা হয়েছে। কামানাশিস সেনকে করা হয়েছে আইবি-র স্পেশাল সুপারিনটেন্ডেন্ট পদে। মুর্শিদাবাদের পুলিশ কমিশনার ধৃতিমান সরকারেও সেই পদ দেওয়া হয়েছে।
শুধু পুলিশ কর্তাদেরই নয়, নবান্নের আস্থাভাজন সিনিয়র আইএএস অফিসারদেরও ভোটের সময়ে অন্য রাজ্যে পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে। তাঁদের মধ্যে শুধু জেলা শাসকরাই নেই, বিভিন্ন দফতরের সচিব পদের অফিসাররাও রয়েছেন।