মেট্রোয় ওঠার আগে জেনে নিন কোন কোন জিনিস বহন করা নিষিদ্ধ।

কলকাতা মেট্রো
শেষ আপডেট: 18 March 2026 22:23
দ্য ওয়াল ব্যুরো: শহরের পরিবহণ মানচিত্রে মেট্রো (Kolkata Metro) এখন সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য ভরসা। দিন দিন তার বিস্তার যেমন বাড়ছে, তেমনই বাড়ছে যাত্রীর সংখ্যাও। কিন্তু এই বাড়তি ভিড়ের মধ্যেই স্পষ্ট হচ্ছে এক সমস্যা—অনেক যাত্রী এখনও জানেন না, মেট্রোয় ঠিক কী কী জিনিস বহন করা যায় আর কোনগুলো সম্পূর্ণ নিষিদ্ধ (Metro prohibited items list)। আর সেই অজ্ঞতাই বারবার তৈরি করছে ঝামেলার পরিস্থিতি।
এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শহরের একাধিক স্টেশনে টাঙিয়ে দেওয়া হয়েছে এমন সব জিনিসের তালিকা, যেগুলি মেট্রোয় বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি, নিষেধাজ্ঞা অমান্য করলে কী শাস্তি হতে পারে, তাও স্পষ্টভাবে জানানো হচ্ছে যাত্রীদের।
মেট্রোর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কথায়, অনেক সময় রাজমিস্ত্রি বা শ্রমিকরা তাঁদের কাজের সরঞ্জাম—যেমন ছেনি, হাতুড়ি, শাবল বা কড়াই ব্যাগে করে নিয়ে আসেন। কিন্তু স্ক্যানারের মধ্যে সেই ব্যাগ ঢোকাতে চান না, কারণ তাতে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই নিয়েই প্রায়ই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাধে। এমন পরিস্থিতি এড়াতেই এবার কড়াকড়ি বাড়ানো হয়েছে।
শুধু সরঞ্জাম নয়, অনেকেই জানেন না যে চারাগাছ নিয়েও মেট্রোয় ওঠা যায় না। পাশাপাশি কাঁচা মাংস, মাছ বা মদ—এমন অনেক জিনিস রয়েছে, যা মেট্রোয় বহন করা নিষিদ্ধ। অথচ অজ্ঞতার কারণেই বহু যাত্রী এগুলি নিয়ে প্রবেশের চেষ্টা করেন।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ধারালো অস্ত্রের মধ্যে তরবারি, মাংস কাটার বড় ছুরি, চার সেন্টিমিটারের বেশি ব্লেডযুক্ত ছুরি বা কাঁচি বহন করা বেআইনি। বিস্ফোরক পদার্থ হিসেবে ডিনামাইট, গান পাউডার, আতশবাজি, হ্যান্ড গ্রেনেড বা প্লাস্টিক বিস্ফোরকও সম্পূর্ণ নিষিদ্ধ।
এছাড়া সরঞ্জামের তালিকায় রয়েছে কুঠার, শাবল, হাতুড়ি, কাটারি, করাত, স্ক্রু-ড্রাইভার। দাহ্যবস্তুর মধ্যে পেট্রোলিয়াম, মদ, বিভিন্ন ধরনের স্পিরিট, দাহ্য তরল এবং বড় ব্যাটারি নিয়েও মেট্রোয় ওঠা যায় না।
এখানেই শেষ নয়, বিপজ্জনক রাসায়নিক বা অন্যান্য পদার্থের ক্ষেত্রেও রয়েছে কড়া নিষেধাজ্ঞা। তেজস্ক্রিয় পদার্থ, অ্যাসিড, বিষাক্ত বস্তু বা কাঁদানে গ্যাস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি মানবভস্ম, মৃতদেহ, মানব কঙ্কাল, দেহের অংশ, মৃত প্রাণীর দেহাবশেষ, পরিষ্কার করা হাড়, সিল না করা উদ্ভিদ, চারাগাছ, কিংবা সিল না করা কাঁচা মাংস ও মাছও মেট্রোয় নিয়ে ওঠা যায় না।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, বহু যাত্রী অজান্তেই এই সব নিষিদ্ধ জিনিস নিয়ে স্টেশনে চলে আসেন, এমনকি টিকিটও কেটে ফেলেন। কিন্তু প্রবেশের সময় নিরাপত্তা তল্লাশিতে ধরা পড়ে যাওয়ায় আরপিএফ-এর সঙ্গে বচসা বাধে।
নিয়ম ভাঙলে কিন্তু শাস্তিও কম নয়। নিষিদ্ধ সামগ্রী নিয়ে ধরা পড়লে ৫০০ টাকা জরিমানা হতে পারে, এমনকি চার বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে বলে জানানো হয়েছে। তাই ঝামেলা এড়াতে আগে থেকেই নিয়ম জেনে তবেই মেট্রোয় ওঠার পরামর্শ দিচ্ছেন কর্তৃপক্ষ।