বর্তমানে তিনটি রুটে এসি লোকাল পরিষেবা চলছে- শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর। এই রুটগুলিতে যাত্রীদের সাড়া পাওয়ায় ধীরে ধীরে স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।

স্টপেজ বাড়ছে এসি লোকালের
শেষ আপডেট: 10 September 2025 11:29
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের নিত্যযাত্রীদের জন্য সুখবর। পূর্ব রেলের সিদ্ধান্তে এখন থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে এসি লোকাল ট্রেন (Sealdah AC Local)। শ্যামনগর, বেলঘরিয়া, চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর রোড, বিরা এবং বিরাটিতে এবার থেকে থামবে শিয়ালদহ থেকে চালু হওয়া এসি লোকাল। দীর্ঘদিন যাত্রীদের দাবি ও আন্দোলনের পর অবশেষে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে ১৫ সেপ্টেম্বর থেকে।
বর্তমানে তিনটি রুটে এসি লোকাল পরিষেবা চলছে- শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর। এই রুটগুলিতে যাত্রীদের সাড়া পাওয়ায় ধীরে ধীরে স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বিশেষত অশোকনগর স্টেশনে থামানোর দাবি দীর্ঘদিন ধরেই তুলছিলেন নিত্যযাত্রী ও স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী। এবার সেই দাবিকে মান্যতা দিয়ে যাত্রীদের জন্য আরও স্বস্তি আনল রেল কর্তৃপক্ষ।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নতুন স্টপেজগুলি আপাতত পরীক্ষামূলকভাবে এক মাস চালু থাকবে। ওই সময়ের মধ্যে কতজন যাত্রী এই সুবিধা নিচ্ছেন, তা খতিয়ে দেখা হবে। যাত্রী সংখ্যা সন্তোষজনক হলে পরবর্তীতে স্থায়ীভাবে এই স্টপেজ চালু করার কথা ভাববে পূর্ব রেল। তবে এই এক মাসের জন্য মান্থলি টিকিট চালু করা হবে না।
অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ, সবাইয়ের জন্য এই সিদ্ধান্ত যে বড় স্বস্তি বয়ে আনবে, তা বলাই বাহুল্য। বিশেষ করে শহরতলির স্টেশনগুলির যাত্রীরা এখন থেকে আরও সহজে আরামদায়ক এসি লোকাল পরিষেবা পাবেন।
শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ও রানাঘাট লাইনের এসি লোকাল অনেকদিন আগে থেকেই চালু হয়েছে। গত শুক্রবার থেকে চালু হয়েছে শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল। জেনারেল ট্রেনের মতোই ভিড় বনগাঁ এসি লোকালে। এনিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। অনেকেই আবার বলেছেন, 'জেনারেল ট্রেনই ভাল ছিল।' কারণ, এসি ট্রেনে দরজা-জানলা বন্ধ থাকে। ফলে ভিড়ে ঠাসাঠাসি হলে শ্বাসকষ্ট, দমবন্ধ অবস্থা তৈরি হচ্ছে। তবে আগামিদিনে এসি লোকালের সংখ্যা বাড়ানো হবে বলেই জানিয়েছে রেল।