মৃতার স্ত্রীর অভিযোগ, তাঁর ছেলে প্রদীপ রবিবার মদ্যপান করে বাড়িতে আসে। সামান্য কথা থেকেই বাবার সঙ্গে অশান্তি বেধে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ পেরেকযুক্ত চওড়া লাঠি নিয়ে বৃদ্ধকে মারতে শুরু করে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 October 2025 15:17
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর আগের রাতে এক নৃশংস ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের (East Burdwan News) খণ্ডঘোষ এলাকায়। ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ (Drunk Son Beats Father to Death)। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। নিহতের স্ত্রী নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিপত্তরণ রায় (৫৫)। খণ্ডঘোষ ব্লকের সগরাই রায়পাড়া এলাকায় স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন। মদ্যপ ছেলের কারণে প্রায়ই বাড়িতে অশান্তি হত বলে অভিযোগ।
মৃতার স্ত্রীর অভিযোগ, তাঁর ছেলে প্রদীপ রবিবার মদ্যপান করে বাড়িতে আসে। সামান্য কথা থেকেই বাবার সঙ্গে অশান্তি বেধে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ পেরেকযুক্ত চওড়া লাঠি নিয়ে বৃদ্ধকে মারতে শুরু করে। এলোপাথারি মারে রক্তাক্ত হয়ে পড়েন তিনি। লুটিয়ে পড়েন মাটিতে।
এই দৃশ্য দেখে প্রতিবেশীরা গিয়ে প্রদীপকে থামায় এবং আটকে রাখে। দ্রুত বিপত্তরণবাবুকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে সোমবার ভোরে সেখানেই মৃত্যু হয় বৃদ্ধের।
প্রতিবেশীরাই অভিযুক্ত প্রদীপকে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার সময় বাড়িতে মৃতের স্ত্রী বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় স্বামীকে দেখেন। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন। স্বামীর মৃত্যুর বিচার চেয়ে ছেলের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রৌঢ়া।