এবার বাংলা ভাষা বললে কি বিদেশী হয়ে যাব? সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী ডঃ হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। মাতৃভাষা বাংলা হলেই বিদেশি বলে শনাক্ত করা হবে - অসমের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

Dr. Kunal Sarkar
শেষ আপডেট: 16 July 2025 20:24
এবার বাংলা ভাষা বললে কি বিদেশী হয়ে যাব? সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী ডঃ হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। মাতৃভাষা বাংলা হলেই বিদেশি বলে শনাক্ত করা হবে - অসমের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এই বিষয়টি শুধুমাত্র সাধারণ মানুষ নয় একইসঙ্গে ভাবাচ্ছে বিশিষ্টজনদেরও। এই পরিপ্রেক্ষিতকে সামনে রেখে দ্য ওয়াল পৌঁছে যায় বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও সুবক্তা ডাঃ কুণাল সরকারের কাছে।
এই গোটা বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। বিশ্বের অন্যতম সুন্দর ও মিষ্টি ভাষা বাংলাকে এভাবে অবমাননা করার জন্য তিনি ধিক্কার জানিয়েছেন। অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্যে তিনি অখুশি। অসম ও বাংলার বাঙালিরা কি আর নিরাপদ নয় তাঁর কাছে প্রশ্ন রাখলে তিনি জানান, এই পরিস্থিতি আমাদের দুর্ভাগ্যকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। রাজনৈতিক জুয়া খেলার শিকার আজকের এই বাংলা ভাষা।
তিনি আরও বলেন কিছু অসচেতন এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়া মানুষের ভুলের কারণে আজ এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।পৃথিবীর চার নম্বর অর্থনীতির দেশ হয়েও ভারত ভাষা সংক্রান্ত জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে কটাক্ষ করেন তিনি।
অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী নিরবতা নিয়েও ড. কুণাল সরকার অসন্তোষ প্রকাশ করেছেন। বাংলা ভাষার অবমাননার ক্ষেত্রে এদেরও ভূমিকা রয়েছে বলে তিনি সোচ্চার হয়েছেন।