গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখার প্রভাব থাকলেও তা দুর্বল। ফলে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তাপমাত্রা ও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 July 2025 20:17
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে (Heavy Rain Forecast)। পূর্ব উত্তরপ্রদেশ ও তার সংলগ্ন অঞ্চলে অবস্থিত নিম্নচাপ এখন অনেকটাই দুর্বল। মৌসুমী অক্ষরেখা বর্তমানে পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর সরাসরি প্রভাব পড়ছে রাজ্যে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update of Bengal)।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখার প্রভাব থাকলেও তা দুর্বল। ফলে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তাপমাত্রা ও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে। আজ ও আগামিকাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা (Kolkata Weather) ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ (Rain Forecast in Bengal) অনেকটাই কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর্দ্রতাজনিত অস্বস্তি ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।
উত্তরবঙ্গে বর্ষা এবার মারাত্মক রূপ নিতে চলেছে। কয়েক দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই তিন জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা আছে। কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ফের ভারী বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মঙ্গলবার থেকে কিছুটা কমতে পারে বর্ষার দাপট।