বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। কিন্তু সেই নির্বাচনের কোনও কাজে যেন রাজ্যের পুলিশকে ব্যবহার না করা হয়। এই দাবিতে সোমবার রাজ্য নির্বাচন কমিশনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 26 May 2025 16:46
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। কিন্তু সেই নির্বাচনের কোনও কাজে যেন রাজ্যের পুলিশকে ব্যবহার না করা হয়। এই দাবিতে সোমবার রাজ্য নির্বাচন কমিশনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।শুভেন্দুর সঙ্গে এদিন কমিশনে যাওয়া বিজেপির প্রতিনিধি দলে রয়েছেন তাপস রায়, শঙ্কর ঘোষ. অর্জুন সিং, কৌস্তভ বাগচীরা।
সম্প্রতি মুর্শিদাবাদে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছিল। ওই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, "ধুলিয়ান, সামশেরগঞ্জে দুদিন ধরে হিন্দুদের ফোন ধরেনি, সেই পুলিশকে দিয়ে ভোট করালে কী হবে, সেটা সকলেই জানে। তাই রাজ্য পুলিশকে যাতে কোনওভাবে ভোটের কাজে না ব্যবহার করা হয়, সেটাই বলতে এসেছি।"
একই সঙ্গে জেলায় জেলায় প্রশাসনকে কাজে লাগিয়ে টাকার বিনিময়ে তৃণমূল ভোটার লিস্টে ভুয়ো ভোটারের নাম ঢোকাচ্ছে বলেও অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।
এ প্রসঙ্গে কাকদ্বীপের ঘটনার উল্লেখ করে শুভেন্দুর অভিযোগ, "কাকদ্বীপে ১০ হাজার টাকার বিনিময়ে ভোটার লিস্টে রোহিঙ্গাদের নাম তুলেছে তৃণমূল। শুধু কাকদ্বীপ নয়, রাজ্যের জেলায় জেলায় প্রশাসনকে কাজে লাগিয়ে এভাবে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানোর কাজ চলছে। আমরা চাই কাকদ্বীপের ভুয়ো ভোটার লিস্টের ঘটনায় সিবিআই তদন্ত হোক।"
শুভেন্দুর কথায়, " এত বড় দুর্নীতি ধরার পড় মমতার পুলিশকে দিয়ে কেন এফআইআর হবে? এটা তো জাতীয় ইস্যু, নি্রবাচন কমিশন তো স্বশাসিত সংস্থা, তাঁরা কেন নিজে থেকে পদক্ষেপ করবে না?" শুভেন্দু এও বলেন, "আগের দু'বারের মতো এবারে আর জল মিশিয়ে তৃণমূলকে জিততে দেব না।"