শনিবার সকালে আকাশপথে শিলিগুড়ি এসে শমীক বলেন, "দক্ষিণবঙ্গ থেকে কিছু তৃণমূল নেতা ও আমলা উত্তরবঙ্গে আসে শুধু জমি লুট করতে। ডুয়ার্সে কত জমি কার নামে রেজিস্ট্রি হয়েছে, খোঁজ নিলে এই দুর্যোগের আসল ছবি পরিষ্কার হবে।"

শমীক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি।
শেষ আপডেট: 6 October 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে (North Bengal) প্রবল বৃষ্টি ও তার জেরে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে (Disaster) রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattachariya, BJP State President)। তাঁর সরাসরি অভিযোগ, "এই দুর্যোগ প্রকৃতির যতটা, মানুষজনের লোভ ততটাই দায়ী।"
শনিবার সকালে আকাশপথে শিলিগুড়ি এসে শমীক বলেন, "দক্ষিণবঙ্গ থেকে কিছু তৃণমূল নেতা ও আমলা উত্তরবঙ্গে আসে শুধু জমি লুট করতে। ডুয়ার্সে কত জমি কার নামে রেজিস্ট্রি হয়েছে, খোঁজ নিলে এই দুর্যোগের আসল ছবি পরিষ্কার হবে।"
নদীর গতিপথ বদলানো, অবৈধ বোল্ডার তোলা, জঙ্গল উজাড়—এই সবই হয়েছে প্রশাসনের মদতে, বলে অভিযোগ তাঁর। শমীকের কথায়, "নিজেদের লোভে নদীর স্বাভাবিক গতি পাল্টে দিয়েছে তৃণমূলের লোকজন। চোদ্দ বছর ধরে উত্তরবঙ্গকে বঞ্চিত করছে রাজ্য সরকার। এলাকার মানুষের বোঝা উচিত, কে তাদের পাশে আর কে কেবল ভোটের সময় আসে।"
দুর্যোগ মোকাবিলায় রাজ্যের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি বলেন, "প্রকৃতির ওপরে কারও হাত নেই, কিন্তু বিপর্যয়ের পরে রাজ্য সরকার কী করেছে? উদ্ধারকার্যে যা কিছু হচ্ছে, সবই তো জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের তত্ত্বাবধানে। আমাদের সাংসদ-বিধায়করা শনিবার রাত থেকেই এলাকায় রয়েছেন। প্রধানমন্ত্রীও প্রতি নিয়ত খোঁজখবর নিচ্ছেন।"
এরপরই উদ্ধারকাজের সময় মুখ্যমন্ত্রীর কার্নিভাল-যোগ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। শমীকের কথায়, "রাজ্যের মানুষ মরছে, আর মুখ্যমন্ত্রী কলকাতায় কার্নিভালে ব্যস্ত। গোটা রাজ্যের মানুষ তা টিভির পর্দায় দেখেছেন। ছাব্বিশে মানুষ এর যোগ্য জবাব দেবে।" এখন দেখার পাল্টা প্রতিক্রিয়ায় শাসক দল কী বলে!