অপ্রত্যাশিত এই ঘটনায় শোকস্তব্ধ প্রতিবেশীরা। তরুণীর সহকর্মীদের অনেকেই খবর পেয়ে আবাসনে আসেন। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য রয়েছে, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 5 September 2025 23:53
দ্য ওয়াল ব্যুরো: শ্রীরামপুরের (Srirampur) এক বহুতলের আবাসন ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সন্ধ্যায় সেখানকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক তরুণীর পচাগলা দেহ।
মৃতার নাম দীপশিখা গোস্বামী (২৯)। তিনি স্থানীয় একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। একাই থাকতেন ওই ফ্ল্যাটে। দীর্ঘ কয়েক দিন তাঁর কোনও খোঁজ না মেলায় ইতিমধ্যেই প্রশ্ন উঠছে— কী ভাবে মৃত্যু হল তরুণীর?
পুলিশ সূত্রে খবর, বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সুকান্ত পার্কের ওই আবাসনের পাঁচতলার ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় দেহ। শুক্রবার বিকেল থেকেই প্রতিবেশীরা দুর্গন্ধ টের পান। এরপর খবর যায় শ্রীরামপুর থানায়। পুলিশ দীপশিখার দিদিকে ডেকে এনে ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশ করে। শৌচালয়ে মেলে তাঁর পচাগলা দেহ।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে ফ্ল্যাটে দীপশিখাকে দেখা যাচ্ছিল না। এমনকি মঙ্গলবার পুরসভার স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গি পরীক্ষার জন্য আবাসনে গিয়ে দরজায় ধাক্কা দিয়েছিলেন। তবে ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। শুক্রবার দুর্গন্ধ ছড়াতেই বিষয়টি প্রকাশ্যে আসে।
ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর পৌষালী ভট্টাচার্য। তিনি বলেন, “তরুণী একাই থাকতেন ফ্ল্যাটে। কী ভাবে এমন ঘটনা ঘটল, তা পুলিশ তদন্ত করে জানাবে।” ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
অপ্রত্যাশিত এই ঘটনায় শোকস্তব্ধ প্রতিবেশীরা। তরুণীর সহকর্মীদের অনেকেই খবর পেয়ে আবাসনে আসেন। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য রয়েছে, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।