বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ পরিণত হওয়ার সম্ভাবনা। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে জারি লাল সতর্কতা। বাংলায় আবহাওয়ার কি প্রভাব পড়বে, জানাল মৌসম ভবন।

ফাইল ছবি
শেষ আপডেট: 24 November 2025 10:27
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপটি (Low Pressure) সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন (IMD)। সিস্টেমটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আজ, সোমবার, এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর (South-East Bay of Bengal) ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে (Deep Depression) পরিণত হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টির নাম হবে ‘সেনিয়ার’ (Seniar)। নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। এর অর্থ ‘সিংহ’। মৌসম ভবনের অনুমান, নভেম্বরের শেষ দিকে ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম উপকূলের কাছে ল্যান্ডফল (Landfall) করতে পারে।
বাংলায় প্রভাব পড়বে?
এই ঘূর্ণিঝড়ের পশ্চিমবঙ্গে সরাসরি কোনও প্রভাব নেই। তবে হাওয়ার গতিবেগে (Wind Pattern) পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে পরবর্তী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall Warning) সতর্কতা জারি হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে তাই পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) সামান্য কমেছে। আগামী পাঁচ দিনে কলকাতায় তাপমাত্রা ১৭–১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। জেলাগুলিতে ১৪–১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। দিনের বেলায় শীতের আমেজ কমলেও ভোর ও রাতে হালকা ঠান্ডা অনুভূত হবে। আগামী ৩–৪ দিনে রাজ্যের সব জেলায় সকাল-বেলার কুয়াশা (Fog) বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার মধ্যেই শীতের আমেজ বজায় থাকবে। দার্জিলিঙে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি।
কলকাতায় সকালে কুয়াশা বা ধোঁয়াশা (Haze), পরে পরিষ্কার আকাশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা (Relative Humidity) ৪৪–৯১ শতাংশের মধ্যে।
অন্যান্য রাজ্যের আবহাওয়া