এই প্রেক্ষাপটে রেল মন্ত্রকের তরফে বাংলার একাধিক লোকাল রুটে ‘কবচ’ সুরক্ষা ব্যবস্থা বসানোর ঘোষণা নতুন করে গুরুত্ব পাচ্ছে। রেল মহলের মতে, ওই ব্যবস্থা কার্যকর হলে ভবিষ্যতে এমন বিপদ অনেকটাই কমানো সম্ভব।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 31 January 2026 10:02
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে ফের অল্পের জন্য এড়াল বড়সড় রেল দুর্ঘটনা (Crack in the railway line)। মালবাজার ও বড়দিঘি স্টেশনের মাঝামাঝি মহাকাল মোড় এলাকায় আচমকাই রেললাইনে ফাটল নজরে আসে (Malbazar protected DMU in a moment's action)। স্থানীয় কয়েক জন যুবকের তৎপরতায় এবং দ্রুত রেলকে খবর দেওয়ায় প্রাণরক্ষা হল যাত্রীদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেললাইনের পাশে থাকা কয়েক জন যুবক প্রথমে লাইনে অস্বাভাবিক ফাটল দেখতে পান। সময় নষ্ট না করে তাঁরা কাছের রেলগেটের কর্মীকে বিষয়টি জানান। খবর পেয়ে রেলকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে লাইনের স্পষ্ট ফাটল নিশ্চিত করেন এবং সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
নিরাপত্তার স্বার্থে ওই রুটে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। মালবাজার স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট ডিএমইউ ট্রেনটি। প্রায় দু’থেকে আড়াই ঘণ্টা ট্রেন পরিষেবা ব্যাহত থাকে। রেলের তরফে দ্রুত মেরামতির কাজ শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রেল সূত্রে জানানো হয়েছে, স্থানীয় যুবকদের তৎপরতার ফলেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
উল্লেখ্য, শিলিগুড়ি জংশন থেকে নিউমাল হয়ে বামনহাটগামী ওই ডিএমইউ ট্রেনটির চলাচলের কথা ছিল। কী কারণে রেললাইনে ফাটল দেখা দিল, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে রেলের আধিকারিকদের তরফে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।
কয়েক দিন আগেই একই ভাবে পাঁশকুড়া–দিঘা লোকাল ট্রেনও অল্পের জন্য রক্ষা পায়। সেখানেও লাইনে ফাটল ধরা পড়েছিল এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতাতেই দুর্ঘটনা এড়ানো গিয়েছিল। এই প্রেক্ষাপটে রেল মন্ত্রকের তরফে বাংলার একাধিক লোকাল রুটে ‘কবচ’ সুরক্ষা ব্যবস্থা বসানোর ঘোষণা নতুন করে গুরুত্ব পাচ্ছে। রেল মহলের মতে, ওই ব্যবস্থা কার্যকর হলে ভবিষ্যতে এমন বিপদ অনেকটাই কমানো সম্ভব।