গোপালনগর থানার SAP ২ নম্বর ব্যাটেলিয়ানের এই কনস্টেবল কী কারণে আত্মহত্যার চেষ্টা করলেন তা স্পষ্ট নয়।

বিভাস ঘোষ।
শেষ আপডেট: 3 June 2025 14:04
দ্য ওয়াল ব্যুরো: কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করলেন এক পুলিশ কর্মী (Constable Attempts Suicide)। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১০ মাইল এলাকার ঘটনা। বিভাস ঘোষ নামে ওই পুলিশ কর্মীকে বনগাঁ মহকুমা হাসপাতাল হয়ে কলকাতার এসএসকেএমে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জামাইষষ্ঠী কাটিয়ে রবিবার বিকেলেই ডিউটিতে যোগ দিয়েছিলেন তিনি।
গোপালনগর থানার SAP ২ নম্বর ব্যাটেলিয়ানের এই কনস্টেবল কী কারণে আত্মহত্যার চেষ্টা করলেন তা স্পষ্ট নয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশের অভ্যন্তরেও শোরগোল ছড়িয়েছে।
জানা যাচ্ছে, বিভাসের বাড়ি নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিষ্ণুপুর গ্রামে। তিনবছর আগে রাজ্য পুলিশের কনস্টেবলের চাকরি পান। তিন মাস আগে বিয়ে করেছেন। পরিবার সূত্রের খবর, বিভাসের স্ত্রী অন্তঃসত্ত্বা। জামাইষষ্ঠীর জন্য শনিবার সকালে বাড়ি এসেছিলেন। রবিবার কর্মক্ষেত্রে ফিরে যান। তারপরেই এই আত্মহত্যার ঘটনা। কী কারণে বিভাস এমন কাণ্ড ঘটালেন তা স্পষ্ট নয় পরিবারের কাছেও।
পুলিশ সূত্রের খবর, এদিন নাকা চেকিংয়ের আউট পোস্টে ডিউটি পরিবর্তনের সময় আচমকা নিজের সার্ভিস রিভলবার দিয়ে নিজের মাথাতেই গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই কর্তব্যরত পুলিশকর্মী। সহকর্মীরা তাঁকে সঙ্গে সঙ্গে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে চলে আসেন বনগাঁ পুলিশ জেলার এসপি দীনেশ কুমার। শারীরিক অবস্থার অবনতি হলে বিভাসকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়।
কী কারণে এই গুলি কাণ্ড তা এখনও স্পষ্ট নয়। তবে বিভাসের সহকর্মীরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে নার্ভের সমস্যায় ভুগছিলেন। এজন্য ওষুধও খাচ্ছিলেন। আত্মহত্যার নেপথ্যে শারীরিক অসুস্থতা রয়েছে নাকি অন্য কোনও সমস্যা তা অবশ্য স্পষ্ট নয়।