দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ত্রিপুরা সংলগ্ন এলাকা ও বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।

ছবি - এআই
শেষ আপডেট: 8 January 2026 09:34
দ্য ওয়াল ব্যুরো: উত্তুরে শুষ্ক হাওয়ার (Northern Wind) দাপটে কার্যত কাঁপছে গোটা বাংলা। টানা দু’দিন ধরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Weather Update) ঘোরাফেরা করছে ১০-১১ ডিগ্রির আশেপাশে। ভোরের দিকেই হাড় কাঁপানো ঠান্ডায় (West Bengal Winter Update) নাজেহাল শহরবাসী। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা এখনও স্বাভাবিকের থেকে অনেকটাই কম।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী (West Bengal Weather Update), দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে। আবহবিদদের ব্যাখ্যা - উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইতে থাকা ঠান্ডা হাওয়াই এই শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতির মূল কারণ। আগামী কয়েক দিন রাত ও ভোরের দিকে একই রকম তীব্র শীত অনুভূত হতে পারে বলেও পূর্বাভাস।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ত্রিপুরা সংলগ্ন এলাকা ও বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যদিও আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে, এই দুটি ব্যবস্থার কোনওটিরই সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের (West Bengal Weather) ওপর পড়বে না। তবে এদের সম্মিলিত প্রভাবে উত্তুরে হাওয়ার জোর বজায় থাকবে, ফলে পারদ নামার প্রবণতা অব্যাহত থাকবে।
দিনের বেলায় অবশ্য কিছুটা স্বস্তি মিলছে। বৃহস্পতিবার সকালে কুয়াশা তুলনামূলক কম থাকায় সূর্যের দেখা মিলেছে দ্রুত। তার জেরেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে রোদ থাকলেও শীতের অনুভূতি পুরোপুরি কাটছে না।
বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, আগের দিনের ১০.২ ডিগ্রির প্রায় সমান। দমদমে পারদ নেমেছিল ৯.৮ ডিগ্রিতে, আর ব্যারাকপুরে তা আরও কমে দাঁড়ায় ৯ ডিগ্রি সেলসিয়াসে। তবু অনেকের কাছেই বুধবারের শীত মঙ্গলবারের তুলনায় কিছুটা কম কষ্টকর লেগেছে। আবহবিদদের মতে, এর প্রধান কারণ ছিল ঘন কুয়াশার অনুপস্থিতি এবং সকাল থেকেই পরিষ্কার আকাশ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তেও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ - দু’দিকেই শীতের দাপট বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভোরের দিকে কুয়াশা বাড়তে পারে। ফলে শীতের দাপট আপাতত কমার কোনও লক্ষণ নেই।