ওই ছাত্রকে খুনের অভিযোগে এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। এখনও নিখোঁজ বছর ২৪ এর এক তরুণ। পুলিশের প্রাথমিক সন্দেহ ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন।
.webp.webp)
শেষ আপডেট: 10 February 2026 14:41
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: দু-দিন নিখোঁজ থাকার পর শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়ার চা বাগান থেকে উদ্ধার হল ক্লাস টেনের এক ছাত্রের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল পড়ে এলাকায়। ওই ছাত্রকে খুনের অভিযোগে এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। এখনও নিখোঁজ বছর ২৪ এর এক তরুণ। পুলিশের প্রাথমিক সন্দেহ ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন।
জানা গিয়েছে, মৃত নাবালকের বাড়ি মাটিগাড়ির শিমুলতলা এলাকায়। শনিবার সকাল থেকে খোঁজ মিলছিল না তাঁর। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তার সন্ধান না মেলায় মাটিগাড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবার। তারপরেও তাঁর খোঁজ না মেলায় তদন্তে গাফিলতির অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখায় নাবালকের পরিবার। তারপরেই সচেষ্ট হয় পুলিশ।
ওই ছাত্রের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই রহস্যের কিনারা হয়। ধৃত নাবালক পুলিশকে জানায়, শনিবার তাঁদের আরেক বন্ধু রাজ পাসোয়ান নিখোঁজ নাবালককে ডেকে নিয়ে গিয়েছিল। সেখানে ওই নাবালককে প্রচণ্ড মারধর করে রাজ। এরপর মৃত্যু নিশ্চিত করতে গলায় বেল্ট পেঁচিয়ে খুন করে। আরও এক নাবালক সেই ঘটনার সাক্ষী ছিল। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর সোমবার গভীর রাতে সুকনার চা বাগান থেকে নিখোঁজ কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধার হয়৷ তবে ২৪ বছরের তরুণ রাজ পাসোয়ান এখনও অধরা।
ডিসিপি রাকেশ সিং বলেন, “আমাদের অনুমান এক বান্ধবীকে কেন্দ্র করে এই ঘটনা। ধৃত যেহেতু নাবালক তাই তাকে জুভেনাইল কোর্টে পেশ করা হয়। নিখোঁজ তরুণের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাকে জেরা করা গেলেই এই ঘটনায় আসল সত্য উঠে আসবে।”