প্রয়াত নেতার স্মরণসভাতে এসে ঠিক কী কারণে তৃণমূলের গোষ্ঠীকোন্দল হল তা এখনও স্পষ্ট নয়।

তাপস সাহা
শেষ আপডেট: 11 June 2025 11:38
দ্য ওয়াল ব্যুরো: গত ১৫ মে প্রয়াত হন তেহট্টের তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপস সাহা (Tapas Saha)। মঙ্গলবার তাঁর জন্য স্মরণসভার (Memorial Meeting) আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানেও গোষ্ঠীকোন্দলে জড়িয়ে পড়ল শাসক শিবিরের নেতা-কর্মীরা! বচসা, হাতাহাতি থেকে শুরু করে ইটবৃষ্টি সবই হল। গোষ্ঠীদ্বন্দ্ব (Clash) পিছু ছাড়ল না প্রয়াত নেতার স্মরণসভাকেও।
পাথরঘাটা ১ অঞ্চল তৃণমূল কংগ্রেস এই স্মরণসভার আয়োজন করেছিল। স্থানীয় সূত্রে খবর, সেখানে উপস্থিত নব্য এবং আদি তৃণমূল নেতাদের মধ্যে আচমকাই বাদানুবাদ শুরু হয়। বিষয়টি শুধু তর্ক পর্যন্ত থেমে থাকেনি। দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। সবশেষে একে অপরের বিরুদ্ধে ইটবৃষ্টিও করে দুই পক্ষ। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রয়াত নেতার স্মরণসভাতে এসে ঠিক কী কারণে তৃণমূলের গোষ্ঠীকোন্দল হল তা এখনও স্পষ্ট নয়। কিন্তু এই ঘটনায় স্বাভাবিকভাবেই জেলায় রাজনৈতিক পারদ চড়েছে। বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের কটাক্ষ, গোষ্ঠীদ্বন্দ্বই তৃণমূলের আসল পরিচয়। তাঁরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তাই কোনও সভা হোক কিংবা স্মরণসভা, এমন ঘটনা প্রত্যাশিত।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তাপস সাহা। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে জানা যায় তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে। প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল তাঁকে। পরে অবস্থার অবনতি হলে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাঠিয়ে দেওয়া হয়। শহরের বেসরকারি হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাপস সাহা। এর পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তেহট্ট থেকে নির্বাচিত হয়েছিলেন। যদিও গত বছরেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সামনে এসেছিল তাপস সাহার নাম। চাকরি দেওয়ার নাম করে তিনি কয়েক কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁর কণ্ঠস্বরও সংগ্রহ করে সিবিআই। এরপরে আদালতে সিবিআই জানিয়েছিল, নিয়োগ দুর্নীতির মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ। তবে কিছু প্রমাণ হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন তৃণমূল নেতা।