অগ্নিকাণ্ডে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, হঠাৎ ধোঁয়া দেখে ঘর ছেড়ে পালাতে শুরু করেন বস্তিবাসীরা। অনেকেই ঘর থেকে কিছুই উদ্ধার করতে পারেননি।
.jpeg.webp)
গার্ডেনরিচে বিধ্বংসী আগুন
শেষ আপডেট: 25 December 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের আনন্দে মেতে থাকা শহর কলকাতা বৃহস্পতিবার বিকেলে আতঙ্কে কেঁপে উঠল ভয়াবহ অগ্নিকাণ্ডে (Christmas Day tragedy)। গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় আচমকা আগুন লাগে একটি ময়লা ডিপো সংলগ্ন বস্তিতে (Garden Reach fire)। মুহূর্তের মধ্যে আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে অন্তত ৫০টি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে যায়। বড়দিনের সন্ধ্যায় মাথার উপর ছাদ হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বহু পরিবার।
দমকল সূত্রে জানা গেছে, এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ পাহাড়পুরের এক আবর্জনার স্তূপে আগুন দেখা যায়। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় এবং আশেপাশে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে (Garden Reach accident)। প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও ইঞ্জিন পাঠানো হয়, মোট ৬-৭টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।
অগ্নিকাণ্ডে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, হঠাৎ ধোঁয়া দেখে ঘর ছেড়ে পালাতে শুরু করেন বস্তিবাসীরা। অনেকেই ঘর থেকে কিছুই উদ্ধার করতে পারেননি। নিমেষে বাড়িঘর, জামাকাপড়, দরকারি কাগজপত্র- সবই পুড়ে ছাই হয়ে যায়।
দমকল কর্মীদের অভিযোগ, এলাকার রাস্তা অত্যন্ত সরু হওয়ায় ইঞ্জিন কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে (Garden Reach accident)। তবুও দমকলের তৎপরতায় সন্ধ্যা ৬টার মধ্যে আগুন আয়ত্তে আনা সম্ভব হয়। তবে কোথাও কোথাও এখনও পকেট ফায়ার রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। দমকল ও পুলিশ দুই পক্ষই বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। স্থানীয়দের একাংশের দাবি, হঠাৎ আগুন লাগার পেছনে অন্য কোনও কারণ থাকতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
প্রশ্ন উঠছে, শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা কতটা নিশ্চিত? কারণ গত সপ্তাহেই নিউটাউনে ইকো পার্কের কাছে একটি ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগেছিল। সেখানে দমকলের ২০টি ইঞ্জিন কাজে নেমে বহু ক্ষয়ক্ষতি নিয়েই আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময়ে কাঁকুড়গাছির একটি অক্সিজেন সিলিন্ডার কারখানায় লাগা আগুনে বিস্ফোরিত হয় একের পর এক সিলিন্ডার।
বড়দিনের দিনে গার্ডেনরিচে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে হতাহতের খবর না মিললেও, সর্বস্ব খুইয়ে দিশেহারা বহু পরিবার। আগুনের কারণ, ক্ষয়ক্ষতি এবং পুনর্বাসন নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।