বিকেল ৫টায় জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) সদর দফতরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও দুই নির্বাচন কমিশনারের সামনে হাজিরা দিতে হবে তাঁকে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 13 August 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: চার অফিসার এবং এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা না-নেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিতে বুধবার সকালে দিল্লিতে পৌঁছেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ (CS Manoj Pant)।
বিকেল ৫টায় জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) সদর দফতরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও দুই নির্বাচন কমিশনারের সামনে হাজিরা দিতে হবে তাঁকে। সেখানে রাজ্যের তরফে মুখ্য সচিব কী ব্যাখ্যা দেন, তা নিয়ে কৌতূহল সব মহলে।
জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই দু’দফা চিঠি দিয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। অভিযোগ, চার জন অফিসার সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশ মতো সাসপেনশন এবং এফআইআর হয়নি। রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। মঙ্গলবার ফের কমিশনের তরফে কড়া চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়, ২৪ ঘণ্টার মধ্যে মুখ্য সচিবকে হাজিরা দিতে হবে।
এরপরই কোনওরকম টানাপড়েনে না গিয়ে দিল্লি রওনা দিয়েছেন মুখ্য সচিব। এদিন বিকেলে কমিশনের সামনে দাঁড়িয়ে ব্যাখ্যা দিতে হবে মনোজ পন্থকে, কেন এখনও সেই পাঁচ জনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হয়নি।
বিশেষজ্ঞ মহলের মতে, কমিশনের নির্দেশ অমান্য করা সংবিধানের অনুচ্ছেদ ২৫৬ লঙ্ঘনের শামিল। এই অনুচ্ছেদ অনুযায়ী, রাজ্যের মুখ্যসচিব তথা সর্বোচ্চ পদাধিকারী কোনও কেন্দ্রীয় আইন বা সাংবিধানিক কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করতে পারেন না।
রাজনৈতিক মহল মনে করছে, এই বৈঠকের ফলাফলই ঠিক করবে মুখ্য সচিবের ভবিষ্যৎ প্রশাসনিক অবস্থান। তাঁর যুক্তি আইনবিরুদ্ধ প্রমাণিত হলে, সরাসরি পদক্ষেপের পথে যেতে পারে জাতীয় নির্বাচন কমিশন। যদিও, রাজ্য সরকার এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া জানায়নি।
দিল্লিতে আজ বিকেলেই শুরু হবে মুখ্যসচিবের কঠিন পরীক্ষা। ওয়াকিবহাল মহলের মতে, তাঁর ব্যাখ্যার উপর নির্ভর করছে, কমিশন নরম হবে, না কি ঝড় উঠবে প্রশাসনের শীর্ষে। পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যই বা কী পদক্ষেপ করে, তা নিয়েও কৌতূহল সব মহলে।