তদন্তকারীদের দাবি, গরু ও কয়লা পাচারের চক্রে তিনি ছিলেন অন্যতম ‘কাণ্ডারি’। এই চক্র থেকে যে বিপুল পরিমাণ টাকা উঠত, তার বড় অংশ নাকি তাঁর হাত দিয়েই ‘উপযুক্ত জায়গায়’ পৌঁছত।

বিনয় মিশ্র
শেষ আপডেট: 7 July 2025 19:08
দ্য ওয়াল ব্যুরো: কয়লা ও গরু পাচার মামলায় (Coal-Cattle Scam) অন্যতম অভিযুক্ত 'পলাতক' বিনয় মিশ্রকে (Binay Mishra) ফিরিয়ে আনা নিয়ে অন্য জটিলতা তৈরি হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) বলছে, তিনি এখন রয়েছেন ভানাতু নামের দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক দ্বীপরাষ্ট্রে, যেখানে এক সময় আশ্রয় নিয়েছিলেন ললিত মোদী। আর সেখানে বিনয় মিশ্র একেবারে ভিন্ন নামে নাগরিকত্বও নিয়ে ফেলেছেন বলে দাবি তাঁদের।
এই পরিস্থিতিতে বিনয়ের প্রত্যর্পণ নিয়ে তৈরি হয়েছে জট। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তদন্তকারীরা জানিয়েছেন, তাঁকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বহু দিন ধরে। তবে নতুন পরিচয় ও নাগরিকত্ব হওয়ায় সেই প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে।
দিল্লির এক আদালত ইডির আবেদনের ভিত্তিতে বিনয়কে ‘পলাতক অপরাধী’ হিসেবে ঘোষণা করেছে। কয়লা পাচার মামলায় তাঁকে ফেরানোর জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করেছে সিবিআই। বিশেষ আদালতের বিচারক তাঁকে ব্যক্তিগত ভাবে হাজির হওয়ার নির্দেশও দিয়েছেন।
কিন্তু ২০২০ সালের সেপ্টেম্বরে দেশ ছাড়ার পর থেকেই গা-ঢাকা দিয়েছেন বিনয়। তদন্তকারীদের দাবি, গরু ও কয়লা পাচারের চক্রে তিনি ছিলেন অন্যতম ‘কাণ্ডারি’। এই চক্র থেকে যে বিপুল পরিমাণ টাকা উঠত, তার বড় অংশ নাকি তাঁর হাত দিয়েই ‘উপযুক্ত জায়গায়’ পৌঁছত। বিদেশের একাধিক ব্যাঙ্কে বিপুল অর্থ গচ্ছিত রয়েছে বলেও অভিযোগ।
আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যে হলফনামা জমা দিয়েছে, তাতে রয়েছে বিনয়ের বিরুদ্ধে নানা তথ্যপ্রমাণ — যার মধ্যে অর্থ লেনদেনের খতিয়ান, বিদেশে সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্টের তথ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। কিন্তু তাঁকে না পেলে তদন্ত শেষ করা সম্ভব নয় বলেই জানাচ্ছে সিবিআই।
সব মিলিয়ে, নতুন পরিচয়ে ভিন্দেশে আত্মগোপন করে কার্যত তদন্ত থেকে বাঁচার পথেই হাঁটছেন বিনয় মিশ্র — এমনটাই মনে করছে তদন্তকারী সংস্থাগুলি। তবে সিবিআইয়ের দাবি, সমস্ত আইনি জটিলতা অতিক্রম করে তাঁকে ফেরানোর চেষ্টা চলছে। আগামী শুনানিতে তাঁর প্রত্যর্পণ সংক্রান্ত অগ্রগতি এবং তদন্তের আরও তথ্য সামনে আসতে পারে।