আদালত সূত্রের খবর, আগামী ৪ অগস্ট সোমবার ওই আবেদনের শুনানি হতে পারে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 30 July 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: বগটুই গণহত্যা মামলায় (Bogtui Case) নয়া মোড়! অভিযোগ, সাক্ষীরা (Witnesses) নির্ভয়ে সাক্ষ্য দিতে পারছেন না। এই পরিস্থিতিতে বীরভূমের (Birbhum) বাইরে মামলাটি স্থানান্তর করার আবেদন জানাল সিবিআই (CBI)।
ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করেছে সিবিআই। বিষয়টি প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে।
কী বলছে সিবিআই? সিবিআই-এর তরফে আদালতে জানানো হয়েছে, “সাক্ষীরা ভয় পাচ্ছেন, স্বাধীনভাবে কথা বলছেন না। এভাবে ট্রায়াল সম্ভব নয়। বীরভূমের বাইরে কোনও আদালতে মামলাটি স্থানান্তর করা হোক।” আদালত সূত্রের খবর, আগামী ৪ অগস্ট সোমবার ওই আবেদনের শুনানি হতে পারে।
২০২২ সালের ২১ মার্চ রামপুরহাট থানার অন্তর্গত বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় স্থানীয় তৃণমূল নেতা ও বড়শাল পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে। পাল্টা প্রতিশোধ নিতে ওই রাতেই ভাদুর অনুগামীরা বগটুইয়ের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ওই আগুনে ১০ জনের মৃত্যু হয়, যাঁদের বেশিরভাগই মহিলা ও শিশু।
কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার পায় সিবিআই। সিবিআই প্রথম দফায় ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়, যার মধ্যে ছিলেন তৎকালীন ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেন।
আদালত সিবিআই-এর আবেদন মঞ্জুর করলে বগটুই কাণ্ডের শুনানি বীরভূমের বাইরে অন্যত্র হতে পারে। এই সিদ্ধান্তে তদন্তে গতি আসবে কি না, সেই দিকেই এখন তাকিয়ে প্রশাসন ও সাধারণ মানুষ।