বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। শাসক দলের অভ্যন্তরীণ সমস্যাই কি পুরবাসীদের দুর্ভোগের কারণ, তা নিয়েও প্রশ্ন উঠছে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 30 July 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: পুরসভায় পরিষেবা কার্যত স্তব্ধ, অভ্যন্তরীণ দ্বন্দ্বে অচল প্রশাসন, শেষমেশ ২৪ জন কাউন্সিলরকেই শোকজ (ShowCause) করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর (state urban development department)।
নিয়মিত কাজ না হওয়া এবং পরিষেবা না পাওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই কৃষ্ণনগর পুরসভা (Krishnanagar Municipality) ঘিরে ঘুরপাক খাচ্ছিল। এবার সেই অভিযোগের ভিত্তিতে ২৪ জন কাউন্সিলরকে শোকজ করল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব না পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে কাউন্সিলরদের বিরুদ্ধে।
কেন এই কড়া পদক্ষেপ? সূত্রের খবর, কৃষ্ণনগর পুরসভায় বেশ কিছুদিন ধরেই পরিষেবা কার্যত বন্ধ। সাধারণ মানুষের অভিযোগ, রাস্তা, নিকাশি, পানীয় জল—প্রায় কোনও দিকেই কাজ হচ্ছে না। পাশাপাশি, চেয়ারপার্সন রীতা দাসের অপসারণ চেয়ে তৃণমূলের ১৩ জন কাউন্সিলর সম্প্রতি তলবি সভা ডেকেছিলেন। সেখানে একজন কংগ্রেস ও একজন নির্দল কাউন্সিলরও অনাস্থায় সায় দেন। ফলে কার্যত সংখ্যাগরিষ্ঠ অংশ চেয়েছেন চেয়ারপার্সনের অপসারণ।
বিষয়টি জেলাশাসক ও মহকুমা শাসক-এর কাছেও চিঠি দিয়ে জানানো হয়। পরে তা পৌঁছায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে। এরপরেই সব কাউন্সিলরের উদ্দেশে জারি হয় শোকজ নোটিস।
শোকজে জানতে চাওয়া হয়েছে, কেন পরিষেবা স্তব্ধ?, কারা কাজ বন্ধ রাখার জন্য দায়ী?
বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। শাসক দলের অভ্যন্তরীণ সমস্যাই কি পুরবাসীদের দুর্ভোগের কারণ, তা নিয়েও প্রশ্ন উঠছে।