মেট্রো সূত্রে খবর, এবার সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হবে গোটা স্টেশন। ইতিমধ্যেই ই-টেন্ডার ডাকা হয়েছে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 30 July 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার দক্ষিণ শহরতলির বাসিন্দাদের জন্য দুঃসংবাদ! ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের শেষ স্টেশন ‘কবি সুভাষ’ এক বছরের জন্য বন্ধ হয়ে যাচ্ছে।
মেট্রো সূত্রে খবর, এবার সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হবে গোটা স্টেশন। ইতিমধ্যেই ই-টেন্ডার ডাকা হয়েছে। আর এই কাজ শেষ হতে সময় লাগবে অন্তত ৯ থেকে ১০ মাস। সেক্ষেত্রে পুরো কাজ শেষ করে নতুন করে এই মেট্রো স্টেশন চালু করতে এক বছরও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন খোদ মেট্রোর কর্তারা।
গত সোমবার থেকে কবি সুভাষ মেট্রোর পরিষেবা বন্ধ হয়ে গেছে। পিলারে ফাটল ধরা পড়ার পর যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে এখন জানা যাচ্ছে, শুধু কয়েকটি পিলার নয়, গোটা স্টেশন ভবনের অবস্থা খতিয়ে দেখে একেবারে নতুন করে নির্মাণ করার পথে হাঁটছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিক বাজেট, প্রায় ৯ কোটি ৪২ লক্ষ টাকা।
কবি সুভাষ স্টেশন মূলত নিউ গড়িয়া ও আশপাশের বিস্তীর্ণ এলাকার যাত্রীদের জন্য একমাত্র ভরসা। সেখান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো যাতায়াত করে ব্লু লাইনে। প্রতিদিন কয়েক হাজার মানুষ ওঠানামা করেন এই স্টেশন থেকে। ফলে স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন দক্ষিণ শহরতলির যাত্রীরা।
জানা গিয়েছে, কবি সুভাষ স্টেশনে মোট ২১টি পিলার রয়েছে। এর মধ্যে অন্তত ৪টিতে ধরা পড়েছে গভীর ফাটল। আরও কয়েকটি পিলারে হালকা চিড় রয়েছে বলে জানাচ্ছেন অভ্যন্তরীণ কর্মীরা। শুধু তাই নয়, স্টেশনের প্ল্যাটফর্ম, ড্রেনেজ ব্যবস্থা, ছাদ ও দেওয়ালের অবস্থাও আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।
উল্লেখযোগ্য বিষয়, রক্ষণাবেক্ষণে দীর্ঘদিন ধরেই গাফিলতির অভিযোগ উঠছে কলকাতা মেট্রো নিয়ে। বহুদিন ধরেই কর্মী সঙ্কটে ভুগছে সংস্থা। অনুমোদিত সংখ্যার তুলনায় প্রায় ৪০ শতাংশ কর্মী কম রয়েছে বলে সূত্রের খবর।
গত এক বছরে শহরের একাধিক মেট্রো স্টেশনে নজিরবিহীন ঘটনা ঘটেছে। পার্ক স্ট্রিটে স্টেশনে জল ঢুকে পড়েছে, চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝ বরাবর অংশে ঝর্ণার মতো জল পড়েছে ট্র্যাকে। কবি নজরুল স্টেশনে ঝড়ে ছাদ উড়ে গিয়েছিল। আর এবার ‘কবি সুভাষ’। সব মিলিয়ে মেট্রোর অবকাঠামো নিয়ে প্রশ্ন বাড়ছেই।