সন্দেশখালি-কাণ্ডে বিজেপি কর্মীদের বয়ান রেকর্ড করল সিবিআই (CBI)। কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন, শেখ শাহজাহান জেলের বাইরে বেরোক, তাঁরা চান না।

শেখ শাহজাহান
শেষ আপডেট: 8 June 2025 20:46
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি-কাণ্ডে বিজেপি কর্মীদের বয়ান রেকর্ড করল সিবিআই (CBI)। কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন, শেখ শাহজাহান জেলের বাইরে বেরোক, তাঁরা চান না। রবিবার সন্দেশখালি (Sandeshkhali) যান সিবিআই আধিকারিকরা। মূলত বিজেপি-র মহিলা কর্মীদেরই বয়ান রেকর্ড করা হয়েছে।
২০২৪ সালের ৫ জানুয়ারি, রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের (Shekh Shahjahan) বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয় ইডি। তারপর থেকে সামনে আসে সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের একের পর এক কীর্তি! মহিলাদের ওপর অত্যাচার থেকে জমি দখল, এক গাদা অভিযোগ ওঠে শাহজাহান অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে। মামলাও দায়ের হয় একাধিক ধারায়। তেমনই একটি মামলায় সন্দেশখালির দাউদপুরের বাসিন্দা এবং অভিযোগকারী ঝুমা মণ্ডলের বয়ান রেকর্ড করতে এদিন তাঁর বাড়িতে যান সিবিআই আধিকারিকরা।
তার দিন কয়েক পরেই ওই ঘটনায় শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। পরে তাঁকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। ওই মামলায় জামিন চেয়ে সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হন শাহজাহানের আইনজীবী। শাহজাহানের আইনজীবীর বক্তব্য, ওই মামলায় গত ১৫ মাস ধরে জেলে রয়েছেন তাঁর মক্কেল। অভিযোগের সারবত্তাও প্রমাণিত হয়নি। তাঁকে জামিন দেওয়া হোক।
যদিও শাহজাহানের জামিনের বিরোধিতা করে সিবিআই জানিয়েছে, এই মামলায় তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। শীঘ্রই সে সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট আদালতের পেশ করবে তারা। তার আগে এদিন সন্দেশখালি গেলেন সিবিআই আধিকারিকরা। যেখানে মূলত বিজেপি মহিলা কর্মীদেরই বয়ান রেকর্ড করা হয়েছে।