সোমবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ মামলাকারী সংগঠন প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছে, অভিযুক্ত শিক্ষকদের নামের তালিকা আদালতে জমা দিতে হবে। মঙ্গলবার হবে এই মামলার শুনানি আর তাতে সেই তালিকা পেশ করা হবে।

কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 8 September 2025 21:47
দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালেই রাজ্যে স্কুল শিক্ষকদের (School Teachers) গৃহশিক্ষকতা (Private Tution) নিষিদ্ধ হয়েছিল। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও বাস্তবে সেই নির্দেশ কার্যকর হয়নি। এখনও অনেক শিক্ষক খোলাখুলি টিউশন পড়াচ্ছেন। সেই অভিযোগকে কেন্দ্র করেই দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা (PIL)। এবার সেই মামলায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তলব করল টিউশন পড়ানো শিক্ষকদের তালিকা।
সোমবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ মামলাকারী সংগঠন প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছে, অভিযুক্ত শিক্ষকদের নামের তালিকা আদালতে জমা দিতে হবে। মঙ্গলবার হবে এই মামলার শুনানি আর তাতে সেই তালিকা পেশ করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের নিষেধাজ্ঞার পরও বহু শিক্ষক নিয়ম ভেঙে গৃহশিক্ষকতায় যুক্ত রয়েছেন বলে অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতে গত বছর প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ নির্দেশ দিয়েছিল, রাজ্যকে অবশ্যই পুরনো নির্দেশ বাস্তবায়ন করতে হবে। কিন্তু মামলাকারীদের দাবি, তা কার্যত কাগজেই আটকে আছে।
এর পর আদালত অবমাননার মামলা হলে স্কুল পরিদর্শকদের মাধ্যমে রাজ্য কমিশন জানিয়েছিল, টিউশনে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হবে। কিন্তু অভিযোগ, তাতেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। সরকারি ও সরকার-সহায়তাপ্রাপ্ত অনেক শিক্ষক এখনও অবলীলায় টিউশন চালিয়ে যাচ্ছেন।
এই অবস্থায় ফের আদালতের দ্বারস্থ হয়েছে মামলাকারী সংগঠন। শুনানিতে ডিভিশন বেঞ্চ শুধু তালিকা নয়, রাজ্যকেও নির্দেশ দিয়েছে জানাতে - কোন কর্তৃপক্ষ এই নির্দেশ কার্যকর করবে। সেই নিয়ে ফের হবে শুনানি হতে চলেছে মঙ্গলবার।