অভিযোগ ছিল, ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী প্রতিটি গাড়ির থেকে ২০০ টাকা করে নিচ্ছিল স্থানীয় তৃণমূল নিয়ন্ত্রিত জেলা পরিষদ।

কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 18 August 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের দেউচা ব্যারেজের ব্রিজ (Birbhum Deucha Bridge) মেরামতির অজুহাতে দীর্ঘদিন ধরে গাড়ি থেকে বেআইনি টোল (False Toll) আদায় হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। এই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানায়, অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করতে হবে।
অভিযোগ ছিল, ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী প্রতিটি গাড়ির থেকে ২০০ টাকা করে নিচ্ছিল স্থানীয় তৃণমূল নিয়ন্ত্রিত জেলা পরিষদ। দ্বারকা নদীর ওপর দেউচা ব্যারেজ ব্রিজ মেরামতি জন্য গাড়িগুলিকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। সেই সুযোগে স্থানীয় জেলা পরিষদ বেআইনিভাবে টাকা তুলছিল। বিজেপির বীরভূম জেলা সম্পাদক কৃষ্ণকান্ত সাহা এই অভিযোগ প্রকাশ্যে আনেন।
এই মামলার পরিপ্রেক্ষিতেই আদালতের পর্যবেক্ষণ, বেআইনি ভাবে টাকা তোলার অভিসন্ধি নিয়েই এই টোল চালু করা হয়েছিল।
জানা গেছে, ২০২২ সালের জুন মাস থেকে জেলা পরিষদ একটি অস্থায়ী টোল তৈরি করে টাকা আদায় শুরু করে। জেলা শাসক নিজেও আদালতে স্বীকার করেন, এই টোল আদায়ের ঘটনা সত্যি। এরপরই রাজ্যের উচ্চ আদালত বিষয়টি নিয়ে কড়া নির্দেশ দিল।
কলকাতা হাইকোর্টের কড়া পদক্ষেপে অবশেষে মামলার নিষ্পত্তি হয়। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ধরনের বেআইনি টাকা আদায় একেবারেই বন্ধ করতে হবে।