বিচারপতিদের এও বক্তব্য, যারা আবেদন করছেন তাদের আবেদন করতে দিন। এখনই তাঁরা কোনও নির্দেশ দেবেন না, কেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে।

ফাইল ছবি
শেষ আপডেট: 26 June 2025 15:42
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত (Admission Portal) মামলায় বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। ওবিসি সংক্রান্ত মামলা (OBC Case) সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন থাকায় আপাতত ভর্তির প্রক্রিয়ায় হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে নির্দেশ দেওয়া হয়েছে, আবেদনপত্রে ‘ক্যাটেগরি’ উল্লেখ করা যাবে না।
আবেদনকারী বাঁশরী স্বরাজ ও সুবীর সন্ন্যাল জানান, ১৭ জুন হাইকোর্ট পাঁচটি সরকারি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। কিন্তু ৭০ হাজারের বেশি আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে, এমনকি রাজ্য সরকারি পোর্টালে ওবিসি (A ও B) ক্যাটেগরি অনুযায়ী আবেদন নেওয়া হয়েছে। ৬৬টি গোষ্ঠীর ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করা হয়নি। নিয়োগের ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করা হয়নি। তাঁদের অভিযোগ, এতে আদালতের নির্দেশ লঙ্ঘিত হয়েছে।
তবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানায়, আপাতত কোনও ক্যাটেগরি ধরে আবেদন গৃহীত হবে না। বিচারপতি মান্থার মন্তব্য, “আবেদন চলুক। যদি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে, তখন সেই অনুযায়ী দেখা হবে। পুরো ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা যুক্তিযুক্ত নয়।” বিচারপতিদের এও বক্তব্য, যারা আবেদন করছেন তাদের আবেদন করতে দিন। এখনই তাঁরা কোনও নির্দেশ দেবেন না, কেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে। তাঁদের নির্দেশ খারিজ করে দিতে পারে।
রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এসএলপি (Special Leave Petition) দায়ের করেছে। ২৪ জুন উচ্চ শিক্ষা দফতরের পোর্টালে আপডেট আপলোড করা হয়েছে। এখনই ভর্তি হয়নি, ফলে কারও অধিকার ক্ষুণ্ণ হয়নি।
এদিকে আবেদনকারীদের যুক্তি, ক্যাটেগরি উল্লেখ থাকলে ভবিষ্যতে আসন সংরক্ষণে জটিলতা তৈরি হবে। তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন, মেরিট লিস্ট প্রকাশের (৫ জুলাই) সময় বিভ্রান্তি তৈরি হতে পারে।
সব বক্তব্য শুনে বিচারপতিরা স্পষ্ট করেন, আপাতত সমস্ত ক্যাটেগরি আবেদন করতে পারবে, তবে কোনও ক্যাটেগরি উল্লেখ করা যাবে না। আদালত এই পর্যায়ে বিষয়টিতে হস্তক্ষেপ করছে না। অবমাননার অভিযোগে জবাবদিহি করতে সংশ্লিষ্ট পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। আগামী ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।