মামলার গত শুনানিতে মঙ্গলবার আদালতে সিবিআই জানিয়েছিল, নির্যাতিতার পরিবার ঘটনাস্থল দেখতে চাইলে আপত্তি নেই। এরপরই বিচারপতি নির্যাতিতার পরিবারকে এই বিষয়ে লিখিত আবেদন করতে বলেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 26 June 2025 13:07
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজে ছাত্রী ধর্ষণ ও খুনের মামলায় (RG Kar Case) ঘটনাস্থল পরিদর্শনের আর্জি নিয়ে কোনও সিদ্ধান্ত নিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার আদালত জানিয়ে দেয়, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে শিয়ালদহ আদালত (Sealdah Court)।
এই মামলার গত শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি জানিয়েছিলেন, এখনও ঘটনাস্থল বা 'প্লেস অফ অকারেন্স' পরিদর্শন করতে দেওয়া হয়নি। সেই মামলার গত শুনানিতে মঙ্গলবার আদালতে সিবিআই (CBI) জানিয়েছিল, নির্যাতিতার পরিবার ঘটনাস্থল দেখতে চাইলে আপত্তি নেই। এরপরই বিচারপতি নির্যাতিতার পরিবারকে এই বিষয়ে লিখিত আবেদন করতে বলেন।
বৃহস্পতিবার অবশ্য কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলল, নিম্ন আদালতই (এক্ষেত্রে শিয়ালদহ কোর্ট) সিদ্ধান্ত নেবে এই ইস্যুতে। পাশাপাশি, কত জন জুনিয়র আইনজীবী ওই পরিদর্শনে অংশ নিতে পারবেন, তাও নির্ধারণ করবেন শিয়ালদার বিচারক। এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ, আর্জি জমার পড়ার ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে নিম্ন আদালতকে।
নির্যাতিতার পরিবারের আবেদনকে ঘিরে রাজ্য ও সিবিআইয়ের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। সিবিআইয়ের আইনজীবী রাজদ্বীপ মজুমদার জানিয়েছিলেন, আবেদনকারীরা ঘটনাস্থল দেখতে চাইলে তাঁদের আপত্তি নেই। তবে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, ‘‘তদন্তের নির্দেশ না থাকলে ঘটনাস্থল পরিদর্শনের কোনও যৌক্তিকতা নেই। আবেদনকারী শুধুই মিডিয়ার নজর কাড়তে চাইছেন।’’
দুই পক্ষের বক্তব্য শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, “তদন্ত ও বিচার প্রক্রিয়ার বাস্তবতা সবচেয়ে ভাল জানেন শিয়ালদহ আদালতের বিচারপতি। তাই এই ব্যাপারে তিনিই সিদ্ধান্ত নেবেন।” একই সঙ্গে, তদন্তকারী সংস্থাগুলিকেও লিখিত ভাবে আদালতে তাঁদের মত জানাতে বলা হয়েছে।
কলকাতা হাইকোর্টের নির্দেশ, মূল মামলায় সিবিআইকে নতুন করে রিপোর্ট দিতে হবে শিয়ালদহ আদালতে। মামলার সমস্ত পক্ষকেই হলফনামা জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ অগস্ট।