শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, প্রকল্পের বকেয়া টাকা সংক্রান্ত হলফনামা আদানপ্রদানের জন্য কেন্দ্র ও রাজ্যকে এক মাস সময় দেওয়া হচ্ছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 7 November 2025 12:18
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) পর এবার কলকাতা হাইকোর্টেরও (Calcutta High Court) নির্দেশ - ১০০ দিনের প্রকল্প (100 Days Work) অবিলম্বে শুরু করতে হবে।
শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, প্রকল্পের বকেয়া টাকা সংক্রান্ত হলফনামা আদানপ্রদানের জন্য কেন্দ্র ও রাজ্যকে এক মাস সময় দেওয়া হচ্ছে।
এর আগে চলতি বছরের ১ অগস্ট থেকে ১০০ দিনের কাজ (100 Days Work) শুরু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সর্বোচ্চ আদালত সম্প্রতি সেই মামলা খারিজ করে দেয়। এরপর এদিন হাইকোর্ট ফের একবার স্পষ্ট নির্দেশ দিয়ে দিল।
শুক্রবার ফের কলকাতা হাইকোর্টে কেন্দ্রের পক্ষের আইনজীবী জানান, “প্রকল্পের কাজ শুরু করতে এখন আর কোনও বাধা নেই।” তবে আদালত এদিন স্পষ্ট করে জানিয়েছে, এই প্রকল্পের পুনরায় সূচনায় দেরি করলে আদালত কড়া অবস্থান নেবে। ফলে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রাজ্যে ১০০ দিনের কাজ ফের শুরু হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল।
গত মাসের শেষের দিকেই এই মামলাতে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশ বহাল রেখে কাজ চালু রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই প্রেক্ষিতেই স্পষ্ট হয়েছিল যে - রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে আটকে থাকা টাকা ছাড়তে হবে কেন্দ্রকে।
গত তিন বছর ধরে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজের প্রকল্প। তৃণমূল সরকার বারবার অভিযোগ জানিয়েছে, কেন্দ্র ইচ্ছাকৃতভাবে প্রকল্পের অর্থ আটকে রেখেছে। কেন্দ্রের দাবি, রাজ্যে এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে— প্রকৃত শ্রমিকদের বঞ্চিত করে টাকার লেনদেন হয়েছে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই কারণেই অর্থ বরাদ্দ বন্ধ রাখা হয়েছিল।
এর আগেই গত জুন মাসে কলকাতা হাইকোর্ট রাজ্যের পক্ষে রায় দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধেই কেন্দ্র সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়ই বহাল রাখে। এর ফলে মোদী সরকারকে এখন বাংলার ১০০ দিনের কাজের প্রকল্পে অর্থ ছাড়তেই হবে।