২০২৩ সালে বিচারপতি বিনোদ এস. ভরদ্বাজের নেতৃত্বে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ১৯৩টি একই ধরনের মামলার ভিত্তিতে এই ক্ষতিপূরণের নিয়ম তৈরি করেছিলেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 6 November 2025 20:06
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির রাস্তায় এক তরুণীকে হামলা করেছিল একদল পথকুকুর। সেই ঘটনার পর এবার সোজা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। অভিযোগ, কুকুরের হামলায় (Delhi stray dog attack) শুধু শরীরে নয়, তাঁর মনে ও জীবনেও গভীর ক্ষত তৈরি হয়েছে। তাই পুরসভার কাছে তিনি ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন। দেশজুড়ে পথকুকুরদের নিয়ে বিতর্কের মাঝেই সামনে এল এই ঘটনা।
ঘটনাটি ঘটেছিল চলতি বছরের মার্চ মাসে। দক্ষিণ দিল্লির মালব্য নগরের খিড়কি ভিলেজ রোডের কাছে বাইকের পিছনে বসে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা রাই নামের ওই তরুণী। হঠাৎ রাস্তার পাশে থাকা একদল পথকুকুর ছুটে এসে তাঁকে কামড়ে দেয়। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি হয় (Delhi High Court dog bite case)। চিকিৎসার পরও শারীরিক ও মানসিক যন্ত্রণা দীর্ঘদিন ধরে তাঁকে ভুগিয়েছে বলে দাবি করেছেন।
দিল্লি হাইকোর্টে (Delhi High Court) প্রিয়াঙ্কা জানিয়েছেন, পথকুকুরের হামলার কারণে শুধু তাঁর চিকিৎসার খরচই হয়েছে তা নয়, মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন, যে কারণে তাঁর কাজে অনেক ক্ষতি হয়েছে। তাই এখন তিনি পুরসভার কাছে ক্ষতিপূরণ হিসেবে ২০ লক্ষ টাকা চেয়েছেন।
প্রিয়াঙ্কা তাঁর আবেদনে ২০২৩ সালে পাঞ্জাব ও হরিয়ানা হা কোর্টের এক নির্দেশিকার কথা উল্লেখ করেছেন। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, কুকুরের কামড়ের ক্ষত অনুযায়ী ক্ষতিপূরণের নির্দিষ্ট নিয়ম থাকবে, প্রতি ০.২ সেন্টিমিটার ক্ষতের জন্য ২০ হাজার টাকা এবং প্রতিটি দাঁতের দাগের জন্য ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
সেই হিসাবেই তরুণী দাবি করেছেন, তাঁর শরীরে মোট ১২ সেন্টিমিটার ক্ষত রয়েছে, যার জন্য তিনি ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ চান। পাশাপাশি, তাঁর শরীরে ৪২টি দাঁতের দাগ আছে, প্রতিটির জন্য ১০ হাজার টাকা করে মোট ৪.২ লক্ষ টাকার দাবি করেছেন। এ ছাড়াও মানসিক আঘাত ও আর্থিক ক্ষতির জন্য আরও ৩.৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। সব মিলিয়ে তাঁর দাবি দাঁড়িয়েছে মোট ২০ লক্ষ টাকা।
দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই এই মামলায় পুরসভাকে নোটিস পাঠিয়েছে এবং ২৯ অক্টোবরের মধ্যে তাদের উত্তর চেয়ে পাঠিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে বিচারপতি বিনোদ এস. ভরদ্বাজের নেতৃত্বে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ১৯৩টি একই ধরনের মামলার ভিত্তিতে এই ক্ষতিপূরণের নিয়ম তৈরি করেছিলেন। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, শুধু কুকুর নয়, গরু, ষাঁড়, গাধা বা অন্য কোনও প্রাণী হামলা করলেও একইভাবে ক্ষতিপূরণ দিতে হবে। এখন সবার নজর আদালতের পরবর্তী রায়ের দিকে। আইন বিশেষজ্ঞদের মতে, এই মামলার সিদ্ধান্ত ভবিষ্যতে পথকুকুর সংক্রান্ত ক্ষতিপূরণের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হতে পারে।