পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন নদিয়ার নবদ্বীপ থেকে করিমপুরের উদ্দেশে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। হঠাৎই কৃষ্ণনগর হেলিপ্যাড সংলগ্ন এলাকায় বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে।

যাত্রীবোঝাই বাস উল্টে দুর্ঘটনা কৃষ্ণনগরে
শেষ আপডেট: 7 July 2025 15:02
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরুতেই বড়সড় পথ দুর্ঘটনায় কৃষ্ণনগর শহর (Bus Accident in Krishnanagar)। বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারল যাত্রীবোঝাই বাস, আহত হলেন অন্তত ৩০ জন যাত্রী। সোমবার সকালে কৃষ্ণনগরের হেলিপ্যাড এলাকার কাছে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন নদিয়ার নবদ্বীপ থেকে করিমপুরের উদ্দেশে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। হঠাৎই কৃষ্ণনগর হেলিপ্যাড সংলগ্ন এলাকায় বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে। ধাক্কার জেরে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের অনেকে সিট থেকে ছিটকে পড়ে যান।
প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি চলছিল বলে জানা গিয়েছে। অন্তত ৩০ জন গুরুতর আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের মাথা, হাত ও পা গভীরভাবে জখম হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে প্রত্যেকেই চিকিৎসাধীন। কারও অবস্থাই এখনও পর্যন্ত সংকটজনক নয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার সময় আশপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন পথচারী। স্থানীয়দের দাবি, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন অনেকেই। নাহলে পথচারীদের অনেকেরও আহত হওয়ার সম্ভবনা ছিল। এমনকী প্রাণও যেতে পারত।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বাসচালকের গাফিলতি, রাস্তার অবস্থা নাকি যান্ত্রিক ত্রুটি, সবদিক খতিয়ে দেখা হচ্ছে। আপাতত দুর্ঘটনায় কোনও মৃত্যুর খবর নেই, তবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।