রাস্তার মাঝেই একের পর এক পাল্টি খেতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের দুই যাত্রীর।
.jpeg.webp)
ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 27 June 2025 22:04
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: বীরপাড়া-ফালাকাটা (Birpara, Alipurduar) রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। বাস উলটে প্রাণ হারালেন ২ জন, আহত অন্তত ১৩ জন। শুক্রবার সন্ধ্যায় বীরপাড়ার কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছয় বীরপাড়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফালাকাটার দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। হঠাৎই সামনে চলে আসে একটি বাইক। বাইকটিকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারায় বাসটি। রাস্তার মাঝেই একের পর এক পাল্টি খেতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের দুই যাত্রীর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে থাকা দু’জনও আহত হয়েছেন। তাঁদের সঙ্গে বাসের আরও ১৩ জন যাত্রী গুরুতর চোট পান। আহতদের দ্রুত বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, বেশ কয়েকজনের অবস্থাই সঙ্কটজনক।
দুর্ঘটনার খবর পেয়ে যাত্রীদের আর্তনাদ শুনে প্রথমে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই আহতদের বাস থেকে উদ্ধার করেন। পরে পুলিশ এসে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
পুলিশের প্রাথমিক অনুমান, বাসচালকের কোনও দোষ নেই। দুর্ঘটনার কারণ হিসেবে বাইকটির আচমকা সামনে চলে আসাকেই দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বীরপাড়া থানার পুলিশ। সড়কে এমন দুর্ঘটনা রোধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী।