বর্ধমানের রানিসায়ারের পূর্ব পাড়ের বাসিন্দা সৌমেনবাবু পূর্ত দফতর (সড়ক) বিভাগের জাতীয় সড়ক সাব ডিভিশনের সহকারী বাস্তুকার হিসাবে কর্মরত। গত বৃহস্পতিবার মাউন্ট এভারেস্টের ৮৮৪৯ মিটার উঁচুতে উঠে চূড়ায় জাতীয় পতাকা তোলেন তিনি।

সৌমেন সরকার।
শেষ আপডেট: 17 May 2025 08:58
দ্য ওয়াল ব্যুরো: পেশায় সরকারি আধিকারিক, আর নেশা পর্বত আরোহন। টানা দু'দশক ধরে দেশবিদেশের বহু পর্বতশৃঙ্গ জয়ের স্বাদ পেয়েছেন সৌমেন সরকার (Soumen Sarkar)। এবার তিনি পা রাখলেন এভারেস্টের চূড়ায় (Mount Everest)।
বর্ধমানের রানিসায়ারের পূর্ব পাড়ের বাসিন্দা সৌমেনবাবু পূর্ত দফতর (সড়ক) বিভাগের জাতীয় সড়ক সাব ডিভিশনের সহকারী বাস্তুকার হিসাবে কর্মরত। গত বৃহস্পতিবার মাউন্ট এভারেস্টের ৮৮৪৯ মিটার উঁচুতে উঠে চূড়ায় জাতীয় পতাকা তোলেন তিনি।
গত ১ এপ্রিল থেকে তিনি প্রায় দু'মাসের জন্য এভারেস্ট অভিযানে বেরিয়েছিলেন। শৃঙ্গ জয়ের পর এবার ঘরে ফেরার পালা।
পরিবার সূত্রের খবর, গত প্রায় ২০ বছর ধরে তিনি পর্বত আরোহনের সঙ্গে যুক্ত। বছর ছাপান্নর সৌমেনের ঝুলিতে রয়েছে দেশবিদেশের একাধিক শৃঙ্গ জয়ের স্বাদ। ৬০০১ মিটারের মাউন্ট দেও তিব্বা থেকে, রাশিয়ার মাউন্ট একব্রুশ, মাউন্ট ইউনুম, মাউন্ট নুন সহ একাধিক পর্বতশৃঙ্খ জয় করেছেন তিনি। এসব ছাড়াও দেশ বিদেশের অনেক ছোট পর্বতশৃঙ্গ অভিযানের প্রচুর স্মৃতি রয়েছে তার পর্বত অভিযানের ঝুলিতে।
পরিবার সূত্রের খবর, নেপালের মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লোৎস জয়ের উদ্দেশে ১ এপ্রিল বর্ধমান থেকে যাত্রা শুরু করেন তিনি। ৭ এপ্রিল বেসক্যাম্প থেকে শুরু হয় অভিযান। ৩৯ দিনের মাথায় তিনি এভারেস্ট অভিযান সফল করেন।
উত্তরাখণ্ডে অবস্থিত নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনেরিং( এন আই এম) থেকে প্রাথমিক পর্বত আরোহনের কোর্স করেন সৌমেন। সেখানে ৯৯ জনের মধ্যে সেরা সম্মান পান তিনি। এরপরই সময় পেলে বেরিয়ে পড়েন পর্বতশৃঙ্গ জয় করতে।