শনিবার দুপুরে করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। তাতে শামিল হওয়ার কথা পড়ুয়াদের।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 17 May 2025 07:57
দ্য ওয়াল ব্যুরো: এবার চাকরিহারা যোগ্য শিক্ষকদের (SSC Unemployed Teachers) অবস্থান মঞ্চে দেখা যাবে তাঁদের স্কুলের পড়ুয়াদেরও (Students)। শনিবার দুপুরে বিকাশভবনের সামনে তাঁরা হাজির হয়ে চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনকে নৈতিক সমর্থন জানাবেন। সেই সঙ্গে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ।
আন্দোলনকারীদের আহ্বায়ক মেহেবুব মণ্ডল বলেন, নিজেদের হকের চাকরির দাবিতে আন্দোলন করতে গিয়ে যেভাবে পুলিশের লাঠি খেতে তার প্রতিবাদে চাকরি ফেরত না পাওযা পর্যন্ত বিকাশ ভবনের সামনে অবস্থান চলবে। এছাড়াও আন্দোলনের অংশ হিসেবে আমরা একগুচ্ছ পদক্ষেপ নিয়েছি।"
শনিবার দুপুরে করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। তাতে শামিল হওয়ার কথা পড়ুয়াদের।
নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। যার জেরে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। পরে রাজ্যের আবেদনের ভিত্তিতে স্কুলগুলির পঠনপাঠন অব্যাহত রাখতে ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয় আদালত। ততদিন চাকরিহারা শিক্ষকরা স্কুলে গিয়ে পড়াতে পারবেন। তবে বৃহস্পতিবার রাতে বিকাশভবনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এখন থেকে স্কুলে নয় বরং সংশ্লিষ্ট স্কুলের বাইরে পড়ুয়াদের পাঠদান করাবেন চাকরিহারা শিক্ষকেরা।
আন্দোলনকারীদের আহ্বায়ক মেহেবুব মণ্ডল বলেন, ‘‘আন্দোলনও চলবে আবার শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ছাত্রদের পাঠদানও। এভাবে হকের চাকরি কেড়ে নিতে দেব না।"
এসএসসি মামলায় (SSC Case) যাদের চাকরি হারিয়েছে তাঁদের একাংশ এই মুহূর্তে অবস্থান করছেন বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে। 'যোগ্য' চাকরিহারাদের (Jobless Teachers) ওপর বৃহস্পতিবার রাতে পুলিশি লাঠিচার্জ হওয়ায় শুক্রবার 'ধিক্কার দিবস' পালন করছেন তাঁরা। আর এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকলকে আসার আহ্বান জানান হয়েছিল। শুক্রবার রাতে তাঁদের 'ধিক্কার মঞ্চে' গেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
সেখানে বিরোধী দলনেতার কাছে বিশেষ আবেদন করেন চাকরিহারারা। তাঁদের আন্দোলনকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান তাঁরা। আর এই সাক্ষাতের সুযোগ করিয়ে দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে। চাকরিহারাদের বক্তব্য, দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি। তাই তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে সমস্যার দ্রুত সমাধান হতে পারে। আর প্রধানমন্ত্রী তো নিজেই বলে গেছিলেন যে যোগ্যদের চাকরি যেতে পারে না। তাই তাঁরা এঁদের সঙ্গে সাক্ষাৎ চাইছেন।