হাওড়ার পোলগুস্তিয়া এলাকায় বেকারির বাইরে পরপর বোমা! দোকান মালিকের সঙ্গে বচসার পর হামলা, জখম ২।

বোমাবাজি (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 1 December 2025 10:59
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার জগৎবল্লভপুরে বেকারির দোকানে পর পর বোমা। জখম দুজন। আতঙ্কে এলাকাবাসী।
রবিবার রাতে পাঁচলা বিধানসভার পোলগুস্তিয়া এলাকায় একটি বেকারির ফ্যাক্টরিতে আসেন তিন যুবক। স্থানীয়দের বক্তব্য, খুব বেশি সময় হয়নি, দোকানের মালিকের সঙ্গে ওই যুবকদের বচসা শুরু হয়। পরিস্থিতি এরপরই চরম আকার নেয়।
অভিযোগ, বচসার মধ্যে এক যুবক পকেট থেকে বন্দুক (firearm) বার করে দোকান মালিকের মাথায় সজোরে আঘাত করেন। এর পরই শুরু হয় বোমাবাজি। বাইকে চেপে পালানোর আগে একের পর এক বোমা ছুড়তে থাকেন তিনজন। স্থানীয়দের দাবি, কমপক্ষে ২৫ থেকে ২৭টি বোমা (serial explosions) পড়েছে এলাকাজুড়ে। বিস্ফোরণের জেরে মুহূর্তে চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়।
বিস্ফোরণের আওয়াজে এলাকার মানুষ ঘর থেকে বেরোতে পারেননি আর। তবে ঘটনাস্থলের কাছে থাকা দুই ব্যক্তি জখম হয়েছেন। তাঁদের দ্রুত আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন রয়েছেন দু’জনই।
বোমাবাজির পর পুরো এলাকায় ছড়ায় আতঙ্ক। স্থানীয়দের একাংশ বলেন, “হঠাৎ করেই দেখি বোমার পর বোমা পড়ছে। বাইরে থেকে লোক এনে করেছে।” তবে কারা এই হামলার নেপথ্যে, বা বচসা ঠিক কী কারণে এমন চরম রূপ নিল, তা এখনও পরিষ্কার নয়।
ঘটনার পর রাতেই এলাকায় তল্লাশি চালায় পুলিশ। বাড়ানো হয়েছে টহলদারি (patrolling)। দুষ্কৃতীদের খোঁজে অভিযান চালানো হচ্ছে।
হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। একটি বেকারির ফ্যাক্টরি নিয়ে গণ্ডগোল থেকেই ঘটনা।
সোমবার সকালেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক এতটুকু কাটেনি। এলাকায় পুনরায় অশান্তি বা দুষ্কৃতীদের ফিরে আসার আশঙ্কায় নজরদারি চলছে।