সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের হাতে আসা একাধিক ছবিতে দেখা যাচ্ছে— আটা কল, গ্রাইন্ডার এবং ইলেকট্রনিক সরঞ্জাম সাজানো রয়েছে ফরিদাবাদের এক ট্যাক্সি চালকের বাড়িতে।
_0.jpeg.webp)
উদ্ধার আটা কল-যন্ত্রপাতি
শেষ আপডেট: 21 November 2025 15:11
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লালকেল্লা বিস্ফোরণ (Delhi Blast) মামলায় চাঞ্চল্যকর তথ্য সামনে এল। আটক ‘টেরর ডক্টর’ (Terror Doctor) মুজ্জামিল শাকিল গণাইয়ের ফরিদাবাদের ভাড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হল আটা কল, গ্রাইন্ডার-সহ বিস্ফোরক তৈরির যন্ত্রপাতি। তদন্তকারী সংস্থার দাবি, এই আটা কলেই দীর্ঘ দিন ধরে ইউরিয়া ও অ্যামোনিয়াম নাইট্রেট ঘষে সূক্ষ্ম করে বোমা তৈরির রাসায়নিক প্রস্তুত করতেন গণাই (Delhi Blast News)।
সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের হাতে আসা একাধিক ছবিতে দেখা যাচ্ছে— আটা কল, গ্রাইন্ডার এবং ইলেকট্রনিক সরঞ্জাম সাজানো রয়েছে ফরিদাবাদের এক ট্যাক্সি চালকের বাড়িতে। সেখান থেকেই পরে গণাই সেগুলি নিজের ভাড়াবাড়িতে নিয়ে যান। প্রথমে চালককে বলা হয়েছিল, বোনের বিয়েতে উপহার দেবেন এই যন্ত্রপাতি। পরে সেগুলি বোমা তৈরির কাজে ব্যবহার করা হয় বলে দাবি তদন্তকারীদের।
জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা গণাই পেশায় চিকিৎসক। ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। তিনিই নাকি লালকেল্লার কাছে ১০ নভেম্বরের ঘাতক বিস্ফোরণে (যেখানে ১৫ জনের মৃত্যু) মূল ভূমিকা নেন। বিস্ফোরণের আগের দিন, ৯ নভেম্বর, তাঁর ঘর থেকেই উদ্ধার হয়েছিল ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও আরও বিস্ফোরক সামগ্রী।
জিজ্ঞাসাবাদে গণাই স্বীকার করেছেন, আটা কলেই ইউরিয়া ঘষে সূক্ষ্ম গুঁড়োয় পরিণত করে ইলেকট্রিক মেশিনে তা আলাদা করতেন। দীর্ঘ দিন ধরে এইভাবেই বিস্ফোরক মজুত করছিলেন তিনি, দাবি তদন্ত দলের।
ঘটনায় সেই ট্যাক্সি চালককেও আটক করা হয়েছে। চার বছর আগে ছেলের চিকিৎসার জন্য আল-ফালাহ মেডিক্যাল কলেজে গিয়েছিলেন তিনি। সেখানেই আলাপ গণাইয়ের সঙ্গে।
গণাই ছাড়াও আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের আরও দু’জন— লখনউয়ের শাহিন সইদ এবং আনন্তনাগের আদিল আহমেদ রাথর ধৃত হয়েছেন। বিস্ফোরণকারী আত্মঘাতী হামলাকারী উমর উন নবির সঙ্গেও আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের যোগ ছিল।
উল্লেখ্য, বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছিল, পাকিস্তান-ঘনিষ্ঠ জইশ-ই-মহম্মদ ও আনসার গজওয়াত-উল-হিন্দ যুক্ত একটি আন্তঃরাজ্য ও আন্তর্জাতীয় ‘হোয়াইট-কলার’ সন্ত্রাস চক্র ভেঙে দেওয়া হয়েছে। উদ্ধার হয়েছিল ২,৯০০ কেজি বিস্ফোরক, যার অংশ নাকি দিল্লির বিস্ফোরণেই ব্যবহৃত হয়েছে।
আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল অনেক আগে থেকেই, সেইমতো প্রস্তুতিও নিচ্ছিল সন্দেহভাজন জঙ্গি-চিকিৎসকরা। দিল্লি বিস্ফোরণের (Delhi Red Fort Blast) তদন্তে এই বিষয়টি আগেই জানিয়েছে এনআইএ। দিল্লির আত্মঘাতী বোমারু উমর কয়েকমাস ধরেই নিয়মিত অনলাইনে ভিডিও (Online Video) বানিয়ে মানুষকে জঙ্গি কার্যকলাপের প্রতি প্রভাবিত করার চেষ্টা করছিল বলেও জানা গিয়েছে।