পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৮ অগস্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। তারপর আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
_0.jpeg.webp)
শেষ আপডেট: 17 September 2025 11:42
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: জলাভূমি থেকে উদ্ধার হল ক্লাস সেভেনের এক ছাত্রীর পচাগলা দেহ। প্রায় কুড়ি দিন ধরে নিখোঁজ ছিল জনজাতি সম্প্রদায়ের ওই ছাত্রী। রামপুরহাট থানার বারোমেশিয়া গ্রামের বাসিন্দা ছিল ওই নাবালিকা। রামপুরহাট শ্যামপাহারি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠে পড়াশোনা করত সে। এই ঘটনায় ওই স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজকুমার পালকে গ্রেফতার করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৮ অগস্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। তারপর আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরে পরিবারের লোকজন জানতে পারেন শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজকুমার পাল তাকে অপহরণ করেছে।
এরপরেই ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। মনোজের বিরুদ্ধে মেয়েকে অপহরণ করে খুনের অভিযোগ আনেন। এরপরেই রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। আদালতে পেশ করে ধৃতকে হেফাজতে নেয়।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট থানার কালীডাঙা গ্রামের কাছে জলাজমি থেকে ওই ছাত্রীর পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা জানাজানি হতেই তুমুল শোরগোল পড়ে গ্রামে। এতদিনের উদ্বেগের অবসানে মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে, কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আরও জেরা করা হবে।