কোন্নগরে এনুমারেশন ফর্ম বিলির সময় সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হলেন বছর ষাটের বিএলও তপতী বিশ্বাস। এসআইআর সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপেই অসুস্থ, বলছে পরিবার।

তপতী বিশ্বাস
শেষ আপডেট: 20 November 2025 10:44
দ্য ওয়াল ব্যুরো: কোন্নগরে এনুমারেশন (Enumeration) ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন বিএলও। আচমকাই রাস্তায় মাথা ঘুরে পড়েন বছর ষাটের তপতী বিশ্বাস। তিনি কোন্নগর নবগ্রামের বাসিন্দা এবং অঙ্গনওয়াড়ি কর্মী। এসআইআর-এর কাজ চালু হওয়ার পর বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন।
বুধবার কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ঘটনাটি হয়, স্থানীয়রা দ্রুত তাঁকে কোন্নগর পুরসভার হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছেন, তপতী বিশ্বাস সেরিব্রাল স্ট্রোকে (Cerebral Stroke) আক্রান্ত হয়েছেন এবং তাঁর শরীরের বাঁ দিক পুরোপুরি অবশ হয়ে গিয়েছে।
তপতীদেবীর স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ, এসআইআর (SIR) সংক্রান্ত ফর্ম বিলি ও আপলোডের অতিরিক্ত কাজের চাপে তপতীদেবী শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তাঁর কথায়, “একবার এনুমারেশন ফর্ম বিলি, তারপর ফেরত নেওয়া, এরপর কিউআর কোড (QR Code) স্ক্যান করে অনলাইনে আপলোড করা, এই পুরো প্রক্রিয়া ওর উপর প্রচণ্ড চাপ ফেলেছিল।” প্রবীরবাবুর দাবি, রাতের ঘুমও ঠিকঠাক হচ্ছিল না। ফর্ম জমা দেওয়ার জন্য বারবার ফোন আসত। সেই মানসিক চাপই এই অঘটনের কারণ বলে তাঁদের অনুমান।
হাসপাতালের চিকিৎসক সঞ্জয় শী জানিয়েছেন, তপতী বিশ্বাসের ব্লাড সুগার ও প্রেশার দুটোই খুব বেশি ছিল। সে কারণেই সেরিব্রাল স্ট্রোক হয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁর সিটি স্ক্যান (CT Scan) করেছেন চিকিৎসকরা। বর্তমানে তপতীদেবীর শারীরিক পরিস্থিতি নিয়ে পরিবারের উদ্বেগ তুঙ্গে।
এসআইআর–এর কাজ নিয়ে রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ঘোষণা হওয়ার পর থেকেই বহু জায়গায় ভয়ের পরিবেশ তৈরি হয়। মানুষকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে, এই আশঙ্কা থেকে অনেকেই মানসিক চাপে ভুগছেন বলে অভিযোগ। গত কয়েক দিনে এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে। শুধু সাধারণ মানুষ নন, বিএলওদের মধ্যেও চাপ বাড়ছে বলে অভিযোগ। বুধবার মালবাজারে এক মহিলা বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, এসআইআর–এর কাজের চাপই তাঁর মৃত্যুর কারণ।
এই পরিস্থিতি ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স (X) হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন। কেন্দ্র ও নির্বাচন কমিশনকে (Election Commission) তীব্র আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, মানুষের উপর অযথা মানসিক চাপ তৈরি করা হচ্ছে, যার মাশুল দিচ্ছেন সাধারণ নাগরিক এবং কর্মীরা।
সব মিলিয়ে, এনুমারেশন প্রক্রিয়া নিয়ে উত্তেজনা ও উদ্বেগের মাঝেই তপতী বিশ্বাসের এই শারীরিক অবনতি আরও একবার প্রশ্ন তুলছে—বিএলওদের নিরাপত্তা, অতিরিক্ত কাজের চাপ এবং পুরো প্রক্রিয়ার বাস্তব পরিস্থিতি নিয়ে।