কীভাবে সেখানে বিস্ফোরক এল? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বাড়িতে কোনওভাবে বেআইনি বিস্ফোরক মজুত ছিল।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 July 2025 18:10
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের বেলদায় (West Medinipur Beldah) বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য। কুলাশেনী গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের (Blast) জেরে উড়ে যায় বাড়ির চাল। ঘটনায় আহত হয়েছেন দুই ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িটি ছিল এক তৃণমূল কর্মীর (TMC Worker)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়ির জানলার কাচ ভেঙে যায়। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেটি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে ছিল। বাড়ির মালিক তৃণমূল কর্মী হলেও বর্তমানে তিনি অন্যত্র থাকেন বলে দাবি স্থানীয়দের।
কীভাবে সেখানে বিস্ফোরক এল? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বাড়িতে কোনওভাবে বেআইনি বিস্ফোরক মজুত ছিল। তবে সেটি দুষ্কৃতীদের কাজ নাকি পুরনো কোনও গোলাবারুদের বিস্ফোরণ, তা এখনও নিশ্চিত নয়।
ঘটনার পরই এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড ও ফরেনসিক টিম। এদিকে আহত দুই জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর।
কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজৌয়া গ্রামে পরপর দু’টি ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন তিন জন হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়ির চাল উড়ে যায়। একটি বাড়ির দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে।