হাথিয়া গ্রাম মূলত পরিচিত নকল কয়েন তৈরির জন্য। সূত্রের খবর, সেখানেই দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 June 2025 12:18
দ্য ওয়াল ব্যুরো: ফের রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের লাভপুর (Birbhum Labhpur) এলাকা। এবার গ্রামদখলকে কেন্দ্র করে উত্তেজনা হাথিয়া গ্রামে (Hathiya Village)। শুক্রবার রাতভর দফায় দফায় চলে অশান্তি। এরই মধ্যে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে (Blast) মৃত্যু হয়েছে দুই যুবকের।
হাথিয়া গ্রাম মূলত পরিচিত নকল কয়েন তৈরির জন্য। সূত্রের খবর, সেখানেই দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে। একদিকে শেখ মইনুদ্দিন ও তাঁর ঘনিষ্ঠ শেখ মুস্তাফি, অন্যদিকে নকল কয়েন ব্যবসার মূল মাথা শেখ মনির। বেশ কয়েক মাস ধরে শেখ মইনুদ্দিন ও মুস্তাফি ছিলেন পলাতক। শুক্রবার সন্ধেয় তাঁরা ফের গ্রামে ঢোকার চেষ্টা করলে বাধা দেন শেখ মনিরের অনুগামীরা। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ।
একাধিকবার গ্রামে ঢোকার চেষ্টা ব্যর্থ হওয়ার পর, শনিবার ভোরে ফের দলবল নিয়ে হাথিয়ায় ঢোকেন মইনুদ্দিন ও মুস্তাফি। অভিযোগ, তখনই গ্রামের ছাতিম পুকুরের ধারে বসে বোমা তৈরি করছিল শেখ মনিরের লোকজন। সেই সময় আচমকা একটি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের।
নিহতদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা রেজাউল খানের ভাগ্নে, অন্যজন তৃণমূল নেতা শেখ বাদলের ছেলে বলে খবর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা পুলিশ ঘটনার কথা স্বীকার করে জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত বছর মার্চ মাসেও হাথিয়ায় নকল অস্ত্র কারখানার হদিস পেয়েছিল পুলিশ। সেই সময় অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয় তাঁরা, ভাঙচুর করা হয় তাঁদের গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছুঁড়তে হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও হিংসার কবলে হাথিয়া গ্রাম।