জানা গিয়েছে, মৃত সুবোধ মালাকার দীর্ঘদিন ধরেই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে সক্রিয় ছিলেন। সম্প্রতি তাঁর জমিতে ধান কাটার কাজ করছিলেন এক স্থানীয় ব্যক্তি, যিনি বিজেপি-র (BJP) সঙ্গে যুক্ত বলেই দাবি করা হচ্ছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 28 July 2025 17:46
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে এক খুনের ঘটনায় ফের রাজনৈতিক চাপানউতোর। কোচবিহারের পানিশালা হাওড়াহাট এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। তিনি এলাকায় তৃণমূলের কর্মী হিসেবেই পরিচিত ছিলেন (TMC Worker killed in cooch behar)। শাসক দলের অভিযোগ স্থানীয় এক বিজেপি কর্মীর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুবোধ মালাকার। রবিবার রাতে রাস্তায় তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। মৃতের পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
জানা গিয়েছে, মৃত সুবোধ মালাকার দীর্ঘদিন ধরেই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে সক্রিয় ছিলেন। সম্প্রতি তাঁর জমিতে ধান কাটার কাজ করছিলেন এক স্থানীয় ব্যক্তি, যিনি বিজেপি-র (BJP) সঙ্গে যুক্ত বলেই দাবি করা হচ্ছে। কথা ছিল, পুরো কাজ শেষ হলে ৬ হাজার টাকা দেওয়া হবে। কিন্তু মাঝপথেই টাকা চেয়ে বসেন ওই ব্যক্তি। তখন সুবোধ জানান, কাজ শেষ না হলে টাকা দেওয়া সম্ভব নয়। এখান থেকেই বিবাদের সূত্রপাত।
পরিবারের অভিযোগ, এই ঘটনার পরেই সুবোধকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপরই তাঁর উপর অমানবিকভাবে হামলা চালানো হয় বলে দাবি। মারধরের জেরে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন সুবোধ। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দেরই একাংশের দাবি, এই হামলার পেছনে রাজনৈতিক শত্রুতাই মূল কারণ। যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের বক্তব্য, অভিযুক্ত ব্যক্তি দলের কেউ নয়।