নন্দীগ্রামে গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৯টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল এবং বিজেপি। সিপিএম ও কংগ্রেস প্রার্থী দিয়েছিল ২ আসনে।

নন্দীগ্রামে সমবায়ে জয়ী বিজেপি
শেষ আপডেট: 4 January 2026 18:37
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিধানসভা নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে গাংড়া সমবায় নির্বাচনে শাসক দলকে 'কুপোকাত' করল বিজেপি। ৯টি আসনেই জয়ী দলের সমর্থিত প্রার্থীরা। এদিকে ফল ঘোষণার পর বিজেপির কর্মী-সমর্থকরা তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গকে ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। যদিও বিজেপির তরফে এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে।
নন্দীগ্রামে গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৯টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল এবং বিজেপি। সিপিএম ও কংগ্রেস প্রার্থী দিয়েছিল ২ আসনে। রবিবার ফল ঘোষণার পর দেখা গেল, রাজ্যের শাসক দল একটিও আসনে জিততে পারেনি। ৯-০ আসনে এগিয়ে বিজেপি।
জানা গেছে, মোট ভোটার সংখ্যা ছিল ৫৪৩ জন এবং ভোটদান করেছেন ৪৩৮ জন। ফল ঘোষণার পরই আবির খেলায় মেতে ওঠেন নেতা থেকে শুরু করে কর্মী-সমর্থকরা। জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল বের হয়। দলীয় পতাকা হাতে জয়ের স্লোগান তুলতে থাকেন তাঁরা।
স্থানীয় বিজেপি নেতার কথায়, 'এই জয় নিশ্চিত ছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে বিজেপি জিতেছে।' একইসঙ্গে আজকের জয়ের ফলে আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে কর্মী-সমর্থকদের উৎসাহ আরও বাড়বে বলে মনে করছেন তিনি।