বুধবার তৃণমূলের আপলোড করা কিছু ফর্মের তথ্য তুলে ধরেই বিজেপি দাবি করেছে, স্বয়ং মুখ্যমন্ত্রী যে বাঙালি হিন্দুদের স্বার্থরক্ষার কথা বলেন, তাঁর দলই আদতে বাঙালি হিন্দুদের ভোটাধিকার কেড়ে নিতে সচেষ্ট।

শেষ আপডেট: 1 April 2026 13:15
দ্য ওয়াল ব্যুরো: ফর্ম ৬ বা ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্র ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূলের তোলা ‘বহিরাগত’ তত্ত্বের পাল্টা এবার বাংলার মানুষের ভাবাবেগকে হাতিয়ার করল বিজেপি (BJP)। বুধবার তৃণমূলের আপলোড করা কিছু ফর্মের তথ্য তুলে ধরেই বিজেপি দাবি করেছে, স্বয়ং মুখ্যমন্ত্রী যে বাঙালি হিন্দুদের স্বার্থরক্ষার কথা বলেন, তাঁর দলই আদতে বাঙালি হিন্দুদের ভোটাধিকার কেড়ে নিতে সচেষ্ট।
তৃণমূল সম্প্রতি অভিযোগ করেছিল যে, ভিনরাজ্যের বাসিন্দাদের এ রাজ্যের ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। প্রমাণ হিসেবে বেশ কিছু ফর্ম ৬-এর ছবিও তারা সামাজিক মাধ্যমে আপলোড করে। কিন্তু সেই ছবিগুলিকেই বুমেরাং হিসেবে ব্যবহার করতে আসরে নেমেছে বিজেপি। তাদের দাবি, তৃণমূল যে সাতটি ফর্মের ছবি আপলোড করেছে, তার মধ্যে চারটি এমন ব্যক্তিদের আবেদন যাঁদের নাম আগে ডিলিট করা হয়েছিল। বাকিগুলি নতুন ভোটার হওয়ার আবেদন। বিজেপি প্রশ্ন তুলেছে, আবেদনকারীদের পদবি যদি ‘বন্দ্যোপাধ্যায়’ বা ‘দে’ হয়, তবে তাঁদের কোন যুক্তিতে বহিরাগত বলা হচ্ছে?
বিজেপির আইটি সেলের প্রধান তথা এ রাজ্যের সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য তৃণমূলের ওই পোস্ট ট্যাগ করে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার পরিকল্পনা করে বাঙালি হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে। এমনকি সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া টেনিস তারকা লিয়েন্ডার পেজকেও তৃণমূলের তরফে ‘বহিরাগত’ তকমা দেওয়া হয়েছে বলে পাল্টা দাবি করেছেন তিনি।
পাল্টা আক্রমণ শানাতে ছাড়েনি ঘাসফুল শিবিরও। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "বিজেপি নিজের ফাঁদেই পা দিয়েছে। বাঙালি হিন্দুদের নাম বাদ দেওয়ার কারিগর তো ওরাই। মতুয়াদের রোহিঙ্গা বলে দেগে দিয়ে কারা নির্যাতন করেছে, তা রাজ্যবাসীর অজানা নয়।"
উল্লেখ্য, গত সোমবার থেকেই ফর্ম ৬ জমা দেওয়া নিয়ে রাজপথ থেকে সিইও দফতর, সর্বত্রই উত্তাপ ছড়াচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কমিশনের দফতরে গিয়ে অভিযোগ করেছিলেন, বস্তাভর্তি ফর্ম জমা দিয়ে ভিন্ রাজ্যের ভোটার ঢোকানোর চক্রান্ত চলছে। মঙ্গলবার একই সুরে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerj)।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল অবশ্য পরিস্থিতি সামাল দিতে জানিয়েছেন, বহু নথিই দফতরে আসে, যার মধ্যে ফর্ম ৬-ও থাকে। তবে নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনেই স্ক্রুটিনি করা হবে।