ঘোষিত তালিকায় মাথাভাঙা কেন্দ্র থেকে প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক, হিঙ্গলগঞ্জে রেখা পাত্র এবং নোয়াপাড়ায় আর এক প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে প্রার্থী করা হয়েছে।

অমিত শাহ ও নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 19 March 2026 18:44
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ (BJP Candidate List 2026) করল বিজেপি (BJP News)। এ দফায় মোট ১১১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গত তালিকা থেকে একটি কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে। বিষ্ণুপুরে অগ্নিশ্বর নস্করের পরিবর্তে বিশ্বজিৎ খানকে প্রার্থী করা হয়েছে।
ঘোষিত তালিকায় মাথাভাঙা কেন্দ্র থেকে প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক, হিঙ্গলগঞ্জে রেখা পাত্র এবং নোয়াপাড়ায় আর এক প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে প্রার্থী করা হয়েছে। সোনারপুর দক্ষিণে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, ব্যারাকপুরে কৌস্তভ বাগচি, টালিগঞ্জে পাপিয়া অধিকারী এবং যাদবপুরে অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি।
এ ছাড়াও, এগরায় দিব্যেন্দু অধিকারী, শ্যামপুরে খড়্গপুর সদরের বিধায়ক ও অভিনেতা হিরণ, কাশীপুর-বেলগাছিয়ায় রীতেশ তিওয়ারি এবং রাজারহাট-গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারিকে টিকিট দেওয়া হয়েছে। মানিকতলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়, এন্টালিতে প্রিয়াঙ্কা টিবরেওয়াল, দমদমে অরিজিৎ বক্সি, বেহালা পশ্চিমে ইন্দ্রনীল খাঁ এবং জোড়াসাঁকোয় বিজয় ওঝাকে প্রার্থী করা হয়েছে।
গত কয়েক বছর ধরে বিজেপি একটি নব্য মুখপাত্র ব্রিগেড তৈরি করতে সফল হয়েছে। দলের সেই সব তরুণ মুখদের মধ্যে অন্যতম হলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তাঁকে রাজারহাট গোপালপুরে প্রার্থী করেছে বিজেপি। এগরা থেকে লড়বেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।
এ ছাড়া পরিচিত মুখের মধ্যে রয়েছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি। সোনারপুরে লাভলি মৈত্রর বিরুদ্ধে লড়বেন তিনি। এছাড়া রয়েছেন পাপিয়া অধিকারী। দীর্ঘদিন ধরে তাঁর টলিপাড়ার সঙ্গে সম্পর্ক, এবার তাঁকে টালিগঞ্জেই প্রার্থী করা হয়েছে। টালিগঞ্জের বর্তমান বিধায়ক হলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। অর্থাৎ টালিগঞ্জে লড়াই হবে অরূপ বনাম পাপিয়া।
তবে এই সব নামগুলিই প্রত্যাশিত। সবচেয়ে অপ্রত্যাশিত ও চমক অবশ্যই রাজেশ কুমার। যিনি জগদ্দলের বিজেপি প্রার্থী হয়েছেন। তিনি যে পদ্মের প্রার্থী হবেন, সেই খবর সবার আগে লিখেছিল দ্য ওয়াল। রাজেশ ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার। পুলিশ মহলেই কথিত রয়েছে, রাজেশের খুব কাছের বন্ধু হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন প্রাক্তন ডিজি রাজীব কুমার। মমতা বন্দ্যোপাধ্যায় রাজীবকে রাজ্যসভায় মনোনয়ন দিয়েছেন। এখন তৃণমূলের সাংসদ রাজীব। আর রাজেশ গেলেন বিজেপিতে। তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর সুসম্পর্কেরও একটি অধ্যায় রয়েছে। তা ছাড়া রাজেশের সঙ্গে দিল্লির বিজেপি নেতাদের অনেকেরই দীর্ঘদিনের পরিচয়।