দলের অন্দরের খবর, মার্চের মাঝামাঝি কলকাতার ব্রিগেডে (Brigade Parade Ground) একটি বড় সমাবেশের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য তারিখ হিসেবে ১৫ মার্চ ভাবা হলেও তা এখনও চূড়ান্ত হয়নি। ওই সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) উপস্থিত থাকতে পারেন বলে জল্পনা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 February 2026 14:27
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (West Bengal Elections 2026) সামনে রেখে আগেভাগেই প্রচারের রণকৌশল সাজাতে শুরু করেছে রাজ্য বিজেপি (State BJP)। ‘পরিবর্তন রথযাত্রা’কে হাতিয়ার করেই রাজ্যজুড়ে জনসংযোগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। মঙ্গলবার সল্টলেকের একটি বেসরকারি হোটেলে প্রস্তুতি বৈঠকে সেই রূপরেখা চূড়ান্ত করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya), কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav), বিজেপির সংগঠন পর্যবেক্ষক সুনীল বনসাল (Sunil Bansal) এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb)-সহ একাধিক শীর্ষ নেতা। সূত্রের খবর, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক শক্তিবৃদ্ধি এবং নির্বাচনী ইস্তাহারের প্রস্তুতি - সব বিষয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, শিলিগুড়ি, মালদহ, কলকাতা মহানগর, উত্তর ২৪ পরগনা, নবদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া-হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া ও বর্ধমান থেকে বেরোবে দশটি পৃথক ‘পরিবর্তন রথ’। এই রথগুলি পাঁচটি বৃহত্তর জোন - রাঢ়বঙ্গ, উত্তরবঙ্গ, নবদ্বীপ, কলকাতা ও হাওড়া-হুগলি-মেদিনীপুর অঞ্চল জুড়ে প্রচার চালাবে। মূলত দোলযাত্রার পর থেকেই এই কর্মসূচি শুরু হওয়ার সম্ভাবনা।
দলের অন্দরের খবর, মার্চের মাঝামাঝি কলকাতার ব্রিগেডে (Brigade Parade Ground) একটি বড় সমাবেশের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য তারিখ হিসেবে ১৫ মার্চ ভাবা হলেও তা এখনও চূড়ান্ত হয়নি। ওই সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) উপস্থিত থাকতে পারেন বলে জল্পনা। পরিকল্পনা এমন যে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রা করা রথগুলি শেষ পর্যন্ত ব্রিগেডেই এসে মিলিত হবে - এক প্রকার শক্তিপ্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে এই কর্মসূচিকে।
শুধু প্রচার নয়, নির্বাচনী ইস্তেহার তৈরির ক্ষেত্রেও বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি। জনমত সংগ্রহের মাধ্যমে সাধারণ মানুষের অগ্রাধিকার এবং স্থানীয় সমস্যাগুলিকে ইস্তাহারে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক পর্যায়ে মতামত গ্রহণ প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে। প্রার্থী বাছাইয়েও স্থানীয় নেতৃত্বের মতামতকে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগাম সাংগঠনিক সক্রিয়তা দেখিয়ে ২০২৬-এর লড়াইকে দীর্ঘমেয়াদি প্রস্তুতির পথে নিয়ে যেতে চাইছে বিজেপি। রথযাত্রা, ব্রিগেড সমাবেশ এবং ইস্তেহার - এই তিন স্তম্ভকে সামনে রেখে রাজ্যে নিজেদের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরাই গেরুয়া শিবিরের লক্ষ্য।