পশ্চিমবঙ্গের সঙ্গে গুজরাতের তুলনা টেনে শমীক ভট্টাচার্যের দাবি, গুজরাতের মুসলমানদের আর্থসামাজিক অবস্থান আর পশ্চিমবঙ্গের মুসলমানদের আর্থসামাজিক অবস্থান, তাদের মাথাপিছু রোজগার কোনও তুলনায় আসে না। কেন রাজ্যের সব থানা বা জেলে যারা বন্দি তাদের বেশিরভাগই মুসলিম সমাজেরও, এই প্রশ্নও তুলেছেন শমীক ভট্টাচার্য।

শেষ আপডেট: 10 October 2025 17:16
হিন্দু-মুসলমানের বিভেদ কাজে লাগিয়ে ক্ষমতা আসা বা টিকে থাকা, এটাই নাকি বিজেপির রাজনীতি, এই অভিযোগ নতুন নয়। বিজেপি (Anti BJP) বিরোধী প্রায় সব রাজনৈতিক দলই বিজেপির বিরুদ্ধে এই আক্রমণ শানিয়ে এসেছে। যদিও এটা মানতে রাজি নন রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি মনে করেন, ভারতীয় মুসলিমদের সঙ্গে তাঁদের (বিজেপির) কোনও বিরোধ নেই। তাঁর পরিষ্কার কথা, 'এদেশের মাটিতে থেকে যে বলবে ভারত মাতার জয়, আমরা তার সঙ্গে আছি। এই দেশের সুখ-দুঃখের সঙ্গে যে মুসলমান সম্পৃক্ত থাকবে, আমাদের তাদের সঙ্গে কোনও বিরোধ নেই।' তবে একথার পাশাপাশিই, কিছুটা হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন, 'ভারতবর্ষের মাটিতে থেকে বিরাট কোহলি আউট হলেই কেউ চারটে বাজি ফাটিয়ে দেবে, সেক্ষেত্রে বিজেপি বিরোধিতা করবেই।'
'সমাজকে হিন্দু-মুসলমানের নামে ভেঙে টুকরো করে দাও'-- এটা তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভ, বলে পাল্টা মতও রেখেছেন শমীক ভট্টাচার্য। দলীয় দফতরে বসে বিজেপির রাজ্য সভাপতি বললেন, 'আমরা মনে করি সকলেই পশ্চিমবঙ্গবাসী, এখানে হিন্দু-মুসলমান কোথায় ?'পাশাপাশি, 'বিভাজনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি, তৃণমূল কংগ্রেসের রাজনীতি'-- এই অভিযোগ করে শমীকের দাবি, এরাজ্যের ক্ষেত্রে প্রথমে কংগ্রেস, তারপর বামেরা এবং এখন তৃণমূল কংগ্রেস, সব দলই মুসলমানদের শুধু ভোট বাক্স হিসেবে ব্যবহার করে এসেছে। এরাজ্যের রাজনৈতিক হানাহানির হিসাব পেশ করে শমীক আরও বলেন, 'গত তিন বছরে পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে তার নিরানব্বই শতাংশ সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান। এসব তৃণমূল কংগ্রেস তৈরি করেছে।'
পশ্চিমবঙ্গের সঙ্গে গুজরাতের তুলনা টেনে শমীক ভট্টাচার্যের দাবি, গুজরাতের মুসলমানদের আর্থসামাজিক অবস্থান আর পশ্চিমবঙ্গের মুসলমানদের আর্থসামাজিক অবস্থান, তাদের মাথাপিছু রোজগার কোনও তুলনায় আসে না। কেন রাজ্যের সব থানা বা জেলে যারা বন্দি তাদের বেশিরভাগই মুসলিম সমাজেরও, এই প্রশ্নও তুলেছেন শমীক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতির পরিষ্কার বক্তব্য, 'সংখ্যালঘুদের জন্য চোখের জলে বুক ভাসিয়ে, বিজেপিকে সাম্প্রদায়িক; মুসলিম বিরোধী বলে দাগিয়ে দিয়ে, মুসলিম সমাজকে এরা (কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল) সমাজের কোথায় পৌঁছে দিয়েছে, সেটা মুসলিম সমাজেরই ভাবা উচিত।'
সম্প্রতি উত্তরবঙ্গে বিজেপি সাংসদের আহত হওয়ার ঘটনা নিয়েও মুসলিম সম্প্রদায়কে বার্তা দিয়েছেন শমীক। তিনি বলেন, 'ওখানে আদিবাসী সাংসদের উপর হামলা চালান হল। যারা হামলা চালাল, যারা আক্রমণ করল, সবাই মুসলিম। একজন আবার বাংলাদেশি রোহিঙ্গা। এবার মুসলিম সমাজকেই চিন্তা করতে হবে, ভাবতে হবে, যে বিজেপিকে দেখলেই কেন আপনারা আক্রমণ করেন? আপনারা সমাজের কোথায় ছিলেন,আর কোথায় পৌঁছেছেন? কারা আপনাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নই।'