মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের ভাঙন কবলিত অঞ্চল পরিদর্শনে গিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়লেন মালদহ উত্তর কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু।

বিক্ষোভের মুখে খগেন
শেষ আপডেট: 27 July 2025 21:13
দ্য ওয়াল ব্যুরো: মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের ভাঙন কবলিত অঞ্চল পরিদর্শনে গিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়লেন মালদহ (Malda) উত্তর কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)। রবিবার এলাকার সাধারণ মানুষের রোষ গিয়ে পড়ে তাঁর উপর। পশ্চিম রতনপুর, কান্তুটোলা, শ্রীকান্তটোলা, মুলিরামটোলা, জিতুটোলা-সহ বিস্তীর্ণ অঞ্চল ভাঙনের কবলে পড়ে বহু মানুষ ইতিমধ্যেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যত্র। এমন অবস্থায় সাংসদের সামনে সরাসরি ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।
সাংসদের বিরুদ্ধে স্লোগান তুলেই ক্ষিপ্ত জনতা প্রশ্ন তোলে, “সমস্যার কোনও স্থায়ী সমাধান হচ্ছে না, তাহলে সাংসদ পদে থেকে কী লাভ?” কেউ কেউ বলেন, “টাকা আমরাই দিই, আর আপনারা শুধু দেখেন?”
In the flood-ravaged region of Ratua, Malda, BJP MP Khagen Murmu was confronted by the anger and frustration of the very people he was elected to represent.
Abandoned during a time of crisis, residents made it clear: token visits and hollow sympathies are no longer enough.
The… pic.twitter.com/VQJQllLwqH— All India Trinamool Congress (@AITCofficial) July 27, 2025
সাংসদ যদিও এই বিক্ষোভকে ‘স্বাভাবিক’ বলেই ব্যাখ্যা করেছেন। তাঁর দাবি, “এই সমস্যা দীর্ঘদিনের। আগে দশ কিলোমিটার দূরে ছিল, এখন মহানন্দটোলার ভিতর ঢুকে পড়েছে নদী। আমি বহুবার বলেছি, কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি।”
এদিন খগেন মুর্মু ভাঙনের দায় চাপান রাজ্য সরকারের উপর। বলেন, “রাজ্য সরকার ডিপিআর (ডিটেল্ড প্রজেক্ট রিপোর্ট) তৈরি করে কেন্দ্রকে দেয়নি বলেই কেন্দ্রীয় অনুদান আটকে রয়েছে। আমি মুখ্যমন্ত্রী ও সেচমন্ত্রীকে চিঠি দিয়েছি, কিন্তু কোনও উত্তর পাইনি।”
উল্লেখ্য, রতুয়ার মহানন্দটোলা ও বিলাইমারি অঞ্চল প্রতিবছর গঙ্গা, ফুলহর ও কোশি নদীর মিলিত প্রবাহে ভয়াবহ ভাঙনের মুখে পড়ে। বছরের পর বছর কেবল সাময়িক ব্যবস্থা ও ত্রাণ শিবিরে সরিয়ে দেওয়ার মধ্যে আটকে থেকেছে প্রশাসনিক পদক্ষেপ। এবারও ব্যতিক্রম নয়।
এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে— ভাঙন প্রতিরোধে কি আদৌ কোনও স্থায়ী সমাধানের পরিকল্পনা আছে সরকারের? না কি এই সমস্যার মাঝেই বছরের পর বছর বাঁচা-মরার লড়াই চালিয়ে যেতে হবে এলাকাবাসীদের?