এত কিছুর মধ্যেও মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য চালিয়ে যান। বিরোধীদের কটাক্ষ করে বলেন, “চিরকালই এদের কাজ ধ্বংসাত্মক। এরা বাংলা বিরোধী।”
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 4 September 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো: বাঙালির গর্ব বাংলা ভাষা। আর সেই ভাষাকে কেন্দ্র করেই মঙ্গলবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হয়েছে বিশেষ আলোচনা। কিন্তু বৃহস্পতিবার আলোচনার শুরুতেই ছন্দপতন। মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করতেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি বিধায়করা। প্রশ্ন তুললেন, “আমাদের বলতে দেওয়া হল না কেন?” মুহূর্তে উত্তাল হয়ে ওঠে বিধানসভা কক্ষ। শুরু হয় হট্টগোল, স্লোগান, টেবিল চাপড়ানি। মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই বিধায়করা ঘিরে ধরেন স্পিকারকে।
চেষ্টা করেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। একের পর এক বিধায়ককে শান্ত করার চেষ্টা করেও ফল মেলেনি। হইহট্টগোলের মধ্যেই স্পিকারের অনুমতিতে বিজেপির অগ্নিমিত্রা পাল বক্তব্য রাখেন। কিন্তু ততক্ষণে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন স্পিকার। যা নিয়ে উত্তেজনা আরও চরমে ওঠে।
কিন্তু সেখানেই শেষ নয়। মার্শাল এসে তাঁকে কক্ষ থেকে বের করতে চাইলে শুরু হয় নাটকীয় টানাটানি। বিধানসভা কক্ষ ছেড়ে যেতে রাজি হননি শঙ্কর ঘোষ। পাশে দাঁড়ান অগ্নিমিত্রা পাল সহ একঝাঁক বিজেপি বিধায়ক। পরে অবশ্য শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে বের করে দেন মার্শাল।
এত কিছুর মধ্যেও মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য চালিয়ে যান। বিরোধীদের কটাক্ষ করে বলেন, “চিরকালই এদের কাজ ধ্বংসাত্মক। এরা বাংলা বিরোধী।” তবে বিরোধীদের অভিযোগ, “আমাদের অধিকার খর্ব করা হচ্ছে। পক্ষপাত দুষ্ট আচরণ করছেন অধ্যক্ষ।”