বনগাঁয় বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, তৃণমূলের দুষ্কৃতীরা গাড়ির ভিতর স্ত্রীকে পুড়িয়ে মারতে চেয়েছিল।

গাড়িতে ভাঙচুরের অভিযোগ
শেষ আপডেট: 11 February 2026 11:32
দ্য ওয়াল ব্যুরো: বনগাঁ উত্তর বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া (Ashok Kirtaniya)-র পরিবারের উপরে হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজনীতি। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বেলডাঙায় (Beldanga, Gopalnagar) ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার সময় দুষ্কৃতীরা বিধায়কের পরিবারের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায় বলে অভিযোগ। অশোক গোটা ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। তবে শাসকদল অভিযোগ অস্বীকার করেছে।
বিজেপি (BJP) সূত্রে খবর, ওই গাড়িতে বিধায়কের পরিবার ছাড়াও ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের (Swapan Majumdar) শাশুড়ি। অভিযোগ, অনুষ্ঠান থেকে বেরোতেই দুষ্কৃতীরা গাড়িটি ঘিরে ফেলে। চালানো হয় ভাঙচুর। অশোক কীর্তনীয়ার দাবি, “তৃণমূলের হার্মাদরা আমার স্ত্রীকে গাড়ির ভিতর পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। গাড়িটাকে সম্পূর্ণ তছনছ করে দিয়েছে।” রাজ্যের আইনশৃঙ্খলা (Law & Order) নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি সতর্কবার্তা দিয়ে বলেন, সঠিক বিচার না হলে বনগাঁ (Bongaon) অচল করে দেওয়া হবে।
এর আগেও আক্রমণের শিকার হয়েছেন বিজেপি নেতারা। বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) এবং বিধায়ক শঙ্কর ঘোষের (Shankar Ghosh) উপর হামলার ঘটনা এখনও তাজা। এবার বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগে আরও তীব্র হল রাজনৈতিক চাপানউতর।
তবে পাল্টা সুর শাসকদলের। গোপালনগর ব্লক ১ তৃণমূল সভাপতি তাপস পাল (Tapas Pal) বলেন, “উনি এলাকার বিধায়ক। কিছু সাধারণ মানুষ ওঁর গাড়ি থামাতে চেয়েছিলেন। একটু আগেই এসআইআর (SIR) নিয়ে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মানুষ এসআইআর নিয়ে প্রশ্ন করতেই হয়ত উত্তেজনা ছড়ায়। ধাক্কাধাক্কি হয়েছে শুনেছি। কিন্তু তৃণমূলের কোনও যোগ নেই।”
অশোক কীর্তনীয়া নিজের অবস্থানে অনড়। তাঁর অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে তাঁর পরিবারের উপর হামলা চালিয়েছে। তদন্ত কোন পথে এগোয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।