সূত্রের খবর, এদিন নির্মলবাবু কলেজে প্রবেশ করার পর থেকেই ছাত্রদের একাংশ তাঁকে লক্ষ্য করে ‘চোর-চোর’, ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে। যার জেরে বক্তব্য অসম্পূর্ণ রেখেই কলেজের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন নির্মল মাজি।

নির্মল মাজি।
শেষ আপডেট: 28 January 2026 18:56
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে একাংশ ছাত্রর বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা ও বিধায়ক নির্মল মাজি।
সূত্রের খবর, এদিন নির্মলবাবু কলেজে প্রবেশ করার পর থেকেই ছাত্রদের একাংশ তাঁকে লক্ষ্য করে ‘চোর-চোর’, ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে। যার জেরে বক্তব্য অসম্পূর্ণ রেখেই কলেজের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন নির্মল মাজি। যদিও এ ব্যাপারে নির্মলবাবুর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।
সূত্রের খবর, বুধবার সকাল ১০ টা নাগাদ অনুষ্ঠানে হাজির হন নির্মল মাজি। এরপর থেকেই তাঁকে লক্ষ্য করে ছাত্রদের একাংশ ক্ষোভ উগরে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মলবাবু বক্তব্য রাখতে উঠলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে ঘিরে 'হায়', 'হায়' স্লোগান উঠতে থাকে।উত্তেজনা এতটাই তীব্র হয়ে ওঠে যে বক্তব্য অসম্পূর্ণ রেখেই অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান তৃণমূল বিধায়ক। বিক্ষোভকারীদের বক্তব্য, এর জন্য দায়ী নির্মল মাজির নিজস্ব কার্যকলাপ।
গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে তীব্র শোরগোল তৈরি হয়েছে। কারণ, কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীর কোনও অনুষ্ঠানে এমন ঘটনা বিরল বলেই মত ওয়াকিবহাল মহলের।