১০০ দিনের কাজের টাকা কেন মিটিয়ে দেওয়া হচ্ছে না, সেই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। শুধু তাই নয়, বিজেপি রাজ্য সভাপতিকে 'চোর চোর' বলেও স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে।

সুকান্ত মজুমদার
শেষ আপডেট: 19 June 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: বজবজে (Budge Budge) আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। ১০০ দিনের কাজের টাকা কেন মিটিয়ে দেওয়া হচ্ছে না, সেই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। শুধু তাই নয়, বিজেপি রাজ্য সভাপতিকে 'চোর চোর' বলে জুতোও ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবারের এই বিক্ষোভের ঘটনায় শাসকদলকেও পাল্টা চোর স্লোগান দেন সুকান্ত মজুমদার। এর পরই তাঁর উদ্দেশে জুতো ছোড়া হয়। বিজেপি রাজ্য সভাপতি স্থানীয়দের ভিড়ের মধ্যে দিয়েই নিরাপত্তারক্ষীদের ঢালে নিজেকে আড়াল করে হাঁটতে হাঁটতে নিজের গাড়িতে ওঠেন। যেতে যেতে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, এটাকে গণতন্ত্র বলে কিনা?"
তিনি আরও বলেন, "ওঁকে অনুরোধ করব, এই ভিডিওটা একবার দেখে নিতে। যেভাবে গণতন্ত্রকে আজকে রাস্তার মধ্যে নগ্ন করে দেওয়া হল, ধর্ষণ করা হল, সেটা ভাবা যায় না। এই পরিস্থিতি তৈরি করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর ভাইপো এবং জাহাঙ্গির খান।"
সুকান্ত আরও বলেন, "এই কাজের জন্য জেহাদিদের নিয়ে আসা হয়েছে। এখানকার লোক নয়। বাংলাদেশের লোক রয়েছে। বাংলাদেশ থেকে এসে এইসব করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে পাকিস্তান বানিয়ে ছেড়ে দিয়েছেন।"
এ ব্যাপারে রাজ্যের বাণিজ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা বলেন, "বিজেপির সভাপতি নাকি শিক্ষক। আজকে বজবজে যখন মহিলারা তাঁকে ঘিরে ধরেন, বাংলার বঞ্চনা সম্পর্কে বলছিলেন, তখন সুকান্তবাবু মহিলাদের বললেন জেহাদি। ভাবুন তো, প্রতিনিয়ত এই অপমান করে যাচ্ছে বিজেপি। ক'দিন আগেও শাঁখা-সিঁদুর নিয়ে মন্তব্য করা হয়েছিল, কখনও বলেন মন্ত্রীদের জুতোর তলায় রাখেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সারা ভারতের মহিলা মুখ্যমন্ত্রীদের একজন তিনি। তাঁকে বিজেপির শ্রেষ্ঠ নেতা, যিনি বিশ্বগুরু, তিনি দিদিকে অপমান করে যাচ্ছেন। পুরো বিজেপির নেতা-পার্টি প্রত্যেকেই বাংলার নারীকে অপমান করে যাচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করি।"