হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 17 June 2025 13:29
দ্য ওয়াল ব্যুরো: সোমবার গেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আর মঙ্গলবার হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhayay) দেখতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি।
প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত হয়ে বর্তমানে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তমলুকের সাংসদ (Tamluk MP)। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে এখনই চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। সোমবার তাঁকে দেখে এসে সুকান্ত জানিয়েছিলেন, তাঁর আশা, চলতি মাসেই হাসপাতাল থেকে মুক্তি পাবেন তমলুকের বিজেপি সাংসদ। শুভেন্দু অধিকারীও তেমনটাই মনে করছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু আদতে তাঁকে কবে ছাড়া হতে পারে, সে ব্যাপারে কিছুই জানান হয়নি। প্রসঙ্গত, বিজেপি সাংসদের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই দলে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার, কার্ডিওলজি, পালমোনোলজি, এন্ডোক্রিনোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি ও সার্জারির বিশিষ্ট চিকিৎসকরা।
প্রথমে পেটে ব্যথা এবং বমির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। পরে তাঁর আসল রোগ ধরা পড়ে। বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সোমবারই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির হাসপাতালের ছবি সামনে আসে। তাতে দেখা যায়, তাঁর নাকে ঢোকানো রয়েছে নল। শরীর যে পুরোপুরি ভেঙে গেছে সেটাও স্পষ্ট।